হত্যা মামলায় অভিযুক্ত সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি অভিযোগ করেছেন যে, শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরও কারাগারে ঠিকমত চিকিৎসা পাচ্ছেন না। কারা কর্তৃপক্ষ তাকে তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে দিচ্ছেন না বলেও অভিযোগ তুলেছেন তিনি।
সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
(সিএমএম) আদালতে হাজির করার পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এসব অভিযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেত্রী দীপু মনি।
‘মাননীয় আদালত, আপনি জানেন সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন মারা গেছেন। আমি জেনেছি, ওনাকে চারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরে তিনি ঢাকা মেডিকেলে মারা যান,” বলেন মিজ মনি।
“আমি বলছি, আমি অসুস্থ। আমার ব্রেন পরীক্ষার প্রয়োজন। আমার সুচিকিৎসা প্রয়োজন।আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ,”
বলেন তিনি।
যদিও দীপু মনির অভিযোগ অস্বীকার করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। উল্টো হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড চান তিনি।
পরে উভয় পক্ষের শুনানি শেষে দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
