ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে আড়াই ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে আসায় রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, রবিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, রাত ১০টা থেকে বন্ধ থাকার পর কুয়াশা কিছুটা কেটে গেলে রাত সাড়ে ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই রুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *