আরলিং হালান্ড যেন প্রতিনিয়ত নতুন করে ইতিহাস লিখে চলেছেন। ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে গোল করে প্রিমিয়ার লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান ১০৩ গোলের মাইলফলকে অবিশ্বাস্য দ্রুতায় পৌঁছে গেছেন ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে মাত্র ছয় মিনিটের মধ্যেই গোলের খাতা খুলে ফেলেন হালান্ড। ফিল ফোডেনের বাড়ানো বল থেকে প্রথম শটটি রুখে দেন ওয়েস্ট হামের গোলরক্ষক আলফোঁস আরেওলা। তবে ফিরতি বলে আর ভুল করেননি সিটির নাম্বার নাইন—জালের ঠিকানা খুঁজে নেন সহজেই। এটি ছিল চলতি মৌসুমে তার ১৮তম প্রিমিয়ার লিগ গোল।
এই গোলের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে হালান্ডের মোট গোলসংখ্যা দাঁড়ায় ১০৩-এ, যা সমান হয়ে যায় রোনালদোর সঙ্গে। তবে পার্থক্যটা বিশাল জায়গাতেই—রোনালদো যেখানে এই মাইলফলক ছুঁয়েছিলেন ২৩৩ ম্যাচে, সেখানে হালান্ডের লেগেছে রোনালদোর চেয়ে ১১৯ ম্যাচ কম।
ওয়েস্ট হামের বিপক্ষে হালান্ডের আধিপত্য নতুন কিছু নয়। শেষ তিন ম্যাচেই তাদের বিপক্ষে করেছেন ছয় গোল। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির জার্সিতে ১৬৯ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৪৮।
এই পারফরম্যান্সের ফলে সিটির ইতিহাসেও দ্রুত এগোচ্ছেন হালান্ড। ইতোমধ্যে তিনি ক্লাব লিজেন্ড ফ্রান্সিস লির সমান গোলসংখ্যায় পৌঁছেছেন। ক্লাব ইতিহাসে এখন মাত্র ছয়জন খেলোয়াড় আছেন, যারা তার চেয়ে বেশি গোল করেছেন।
রেকর্ড ভাঙার যাত্রায় এখানেই থামতে চান না হালান্ড। সামনে রয়েছে আরেকটি বড় লক্ষ্য—সার্জিও আগুয়েরোর ১৫০ প্রিমিয়ার লিগ গোলের রেকর্ড। সেই রেকর্ড ভাঙতে এখনও সময় ও ম্যাচ দুটোই আছে নরওয়েজিয়ান তারকার হাতে।
২০২২–২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেকেই ৩৬ গোল করে নজির গড়েছিলেন হালান্ড। পরের মৌসুমেও থামেননি—৩১ ম্যাচে করেন ২৭ গোল। যদিও গত মৌসুমে ম্যানচেস্টার সিটির সামগ্রিক পারফরম্যান্স কিছুটা ওঠানামা ছিল, তবু ৪৮ ম্যাচে ৩৪ বার জাল খুঁজে পেয়েছিলেন তিনি।
চলতি ২০২৫–২৬ মৌসুমে আবারও পুরোনো ছন্দে ফিরেছেন হালান্ড। এখন পর্যন্ত ২৩ ম্যাচে করেছেন ২৫ গোল। ওয়েস্ট হামের বিপক্ষে সাত ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২এ—যা প্রতিপক্ষটির জন্য রীতিমতো দুঃস্বপ্ন।
