খবর অনলাইন ডেস্ক: চোরবাগানের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তে গতি আনল বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। ইতিমধ্যেই কলকাতা পুলিশের একাধিক পদস্থ আইপিএস আধিকারিক এবং দমকল ও জরুরি পরিষেবা দফতরের শীর্ষ আধিকারিক-সহ মোট ১৭ জনের বয়ান রেকর্ড করেছে তদন্তকারী দল। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে গঠিত এই দল ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে কার কী দায়িত্ব ছিল, তা নির্দিষ্ট করার চেষ্টা করছে।
তদন্তের সঙ্গে যুক্ত সূত্রের খবর, যাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং দমকল ও জরুরি পরিষেবা দফতরের শীর্ষ কর্তারা। শনিবার দমকল দফতরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদমর্যাদার এক আধিকারিকের বয়ানও রেকর্ড করা হয়েছে।
– বিজ্ঞাপন –
তদন্তকারীদের আশা, এই আধিকারিকদের বক্তব্য থেকে ঘটনার সময় কী ঘটেছিল, কোন সংস্থা কী ধরনের পদক্ষেপ করেছিল এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কোথাও কোনও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে। পাশাপাশি বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয়ের অভাব এবং নির্ধারিত নিয়ম মেনে কাজ করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর আচমকা বৃষ্টি শুরু হওয়ায় চোরবাগানের পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে পরে মণ্ডপ খালি করার জন্য মাইকে ঘোষণা করা হয়। সেই সময়ই হুড়োহুড়ি ও পদপিষ্টের ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় প্রাণ হারান ১৯ জন।
এই ঘটনার তদন্তের জন্য কমিশনকে ৯০ দিনের নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশ জমা দিতে হবে। কমিশনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বক্তব্য, শুধুমাত্র ঘটনার সময় কী ঘটেছিল, তার পুনর্গঠন করাই তদন্তের উদ্দেশ্য নয়। বরং প্রশাসনের কোন স্তরে কী ধরনের দায়িত্ব ছিল এবং কোথায় কর্তব্য পালনে গাফিলতি হয়েছে, তা চিহ্নিত করাই মূল লক্ষ্য।
তদন্তের রিপোর্টে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তনের সুপারিশও করা হতে পারে। ইতিমধ্যেই পদস্থ আধিকারিকদের বয়ান নেওয়ার কাজ শুরু হওয়ায়, নির্ধারিত ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দায় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ জমা দেওয়ার দিকে এগোচ্ছে কমিশন।
