অভিনয়ের পর এবার সঙ্গীতের জগতে পা রাখল রোশন পরিবারের আরও এক প্রজন্ম। বলিউড তারকা হৃতিক রোশনের বড় ছেলে রেহান রোশন স্বাধীন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। প্রকাশ পেয়েছে তার প্রথম সিঙ্গেল ‘দিস হ্যাভেনলি প্লেস’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গিটারও বাজিয়েছেন রেহান। ছেলের প্রতিভায় মুগ্ধ বাবা হৃতিক রোশন।

রোশন পরিবারে সঙ্গীতের ঐতিহ্য বহু পুরোনো। সেই পরিবারের নতুন প্রজন্মের রেহান এবার নিজের মতো করে শুরু করলেন সঙ্গীতযাত্রা। প্রথম গানেই কণ্ঠশিল্পীর পাশাপাশি গীতিকার ও গিটারিস্টের দায়িত্বও পালন করেছেন তিনি।

‘দিস হ্যাভেনলি প্লেস’ গানটি প্রযোজনা করেছেন সুদান। A&R-এর দায়িত্বে রয়েছেন অঙ্কুর তিওয়ারি। ইংরেজি ভাষার গানটিতে গিটার বাজিয়ে অ্যাকোস্টিক পরিবেশনায় নিজের কণ্ঠ ও বাদ্যযন্ত্রের দক্ষতা তুলে ধরেছেন রেহান।

গানটির মিউজিক ভিডিওতেও রাখা হয়েছে সাদামাটা আবহ। সাদা-কালো দৃশ্যের সঙ্গে অ্যাকোস্টিক পরিবেশনায় মূলত রেহানের কণ্ঠ ও গিটার বাজানোর দিকটিই সামনে আনা হয়েছে। অতিরিক্ত চাকচিক্যের বদলে তার মিউজিক্যাল পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে পুরো ভিডিওতে।

ছেলের প্রথম গান প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন হৃতিক রোশন। সামাজিক যোগাযোগমাধ্যমে রেহানের মিউজিক ভিডিওর একটি ঝলক শেয়ার করে ছেলের প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন তিনি।

হৃতিকের ভাষ্য, রেহানের মধ্যে জন্মগতভাবেই একটি স্বাভাবিক বোধ বা অন্তর্দৃষ্টি রয়েছে। সেই নিজস্ব বোধের ওপর তার গভীর বিশ্বাস রয়েছে বলেও জানান অভিনেতা। রেহান নিজের সিদ্ধান্ত ও সৃজনশীলতার ওপর আস্থা রাখে বলেই তাকে নির্ভীক মনে করেন হৃতিক।

রোশন পরিবারের সঙ্গীত ঐতিহ্যের সঙ্গে রেহানের এই নতুন যাত্রা কতটা ভিন্ন মাত্রা যোগ করে, এখন সেটিই দেখার বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *