১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতারImage Credit: TV9 Bangla
মালদহ: ‘২৫ দিনে টাকা ডবল।’ ‘ফের হেরাফেরি’ সিনেমার এই ডায়লগটা নিশ্চয় মনে আছে। এই টাকা ডবলের প্রলোভন দেখিয়েই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। এবার সেটাই দেখা গেল মালদহে। এখানে অবশ্য ২৫ দিন বলা হয়নি। তবে টাকা ডবলের (দ্বিগুণ) প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর তারই ফাঁদের পড়েছিলেন বহু মানুষ। তাঁদের কাছ থেকে ১০০ কোটিরও বেশি টাকা প্রতারণা করে নেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন ২ জন। তার মধ্যে একজন মালদহ জেলার আবগারি দফতরের আধিকারিক।
১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে মালদহ জেলার আবগারি দফতরের ডেপুটি এক্সাইজ কালেক্টর শুভদীপ ঘোষ এবং তাঁর এক সাকরেদ অগ্নি মিত্রকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২৫ সালে এই আবগারি আধিকারিক মালদহ জেলাতে টাকা ডবল করে দেওয়ার নাম করে প্রায় ১০০ কোটি টাকা তুলেছিলেন। কিন্তু, মানুষ আর টাকা পাননি।
এই প্রতারণার ঘটনায় ইংরেজবাজার থানাতে অভিযোগ হয়। পুলিশ তদন্তে নেমে ৪৭ জন প্রতারিত ব্যক্তির খোঁজ পায়। এই ৪৭ জনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, মঙ্গলবাড়িতে আবগারি দফতরের অফিস থেকেই এই কারবার চালানো হত।
ইংরেজ বাজার থানাতে অভিযোগ হয়েছে জানতে পেরে শুভদীপ ঘোষ এবং অগ্নি মিত্র গা ঢাকা দিয়েছিলেন। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে ইংরেজবাজার থানার পুলিশ গতকাল সোদপুর থেকে দুই জনকে গ্রেফতার করে। এদিন ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ। সেই আবেদন মেনে বিচারক ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এখন দেখার, এই প্রতারণা চক্রে আরও কেউ জড়িত রয়েছেন কি না। ১০০ কোটি টাকা তুলে ধৃতরা কোথায় রেখেছেন, সেটাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
