
Published
পড়ার সময়: ৭ মিনিট
নিউ এইজের প্রথম পাতার খবর— UN urges more land for Rohingya camps; অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্পের জন্য আরও জমি চায় জাতিসংঘ।
এই প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছিল— তারা এখন কক্সবাজারের অত্যন্ত ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে বসবাস করছে।
এর মধ্যে গত সোমবার থেকে প্রবল বর্ষণে একাধিক ভূমিধসের ঘটনায় ক্যাম্পগুলোতে অন্তত ১৫ জন নিহত এবং ৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইচসিআর ক্যাম্পগুলোর চরম ঘনবসতিপূর্ণ অবস্থার কথা তুলে ধরে এবং শরণার্থী শিবিরের জায়গা বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করে।

এই খবরে বলা হয়েছে, চলতি জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ছয়জনকে গ্রেপ্তার, সিঙ্গাপুরে আটক দুজনকে দেশে ফেরত পাঠানোর ঘটনায় উগ্রবাদী তৎপরতার বিষয়টি আবার আলোচনায় এসেছে।
এর আগে, গত ডিসেম্বরে ঢাকার কেরানীগঞ্জে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের পরও বিষয়টি আলোচনায় এসেছিল।
চব্বিশের পাঁচই অগাস্টের পর জামিনে মুক্ত নিষিদ্ধঘোষিত নয়টি জঙ্গি সংগঠনের ৩৭০ সদস্য এবং কারাগার থেকে পালানো ৯ জঙ্গির হদিস না থাকায় তাদের একাংশের আবার পুরোনো তৎপরতায় সক্রিয় হওয়ার আশঙ্কা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ছিল।
কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, সিঙ্গাপুরের ঘটনা সেই আশঙ্কাকে জোরালো করেছে।
একাধিক সূত্র বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় উগ্রবাদী মতাদর্শ প্রচার, ছোট ছোট প্রশিক্ষণদানকারী চক্র গড়ে তোলা এবং অনলাইনে নতুন সদস্য আকৃষ্ট করার চেষ্টার বিষয়ে তথ্য যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ বলেছে, দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। জেল পলাতক ও জামিনে মুক্তির পর লাপাত্তা জঙ্গিদের শনাক্ত ও গ্রেপ্তারে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণে বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়ছে নদ-নদীর পানি।
তাতে চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় পাহাড়ধস ও পানিতে ডুবে মৃত্যু বাড়ছে।
পাহাড়, দেয়াল ধসে ও পানিতে ডুবে পাঁচ দিনে কক্সবাজার জেলায় ২২ জন, চট্টগ্রাম নগর ও জেলায় পাঁচজন, রাঙামাটি জেলায় একজন এবং বান্দরবান জেলায় পাঁচজন নিহত হয়। এই নিহতদের ১৫ জনই রোহিঙ্গা।
এছাড়া, চট্টগ্রামের বোয়ালখালী ও সাতকানিয়া উপজেলায় দুজন নিখোঁজ রয়েছে।
এদিকে, রাঙামাটির সাজেকে দুই দিন আটকে থাকার পর ৫৬১ পর্যটকের মধ্যে সেনাবাহিনীর বিশেষ সহায়তায় ১৫০ জন পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে।
টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। সিলেটেও পাহাড় ও টিলা ধসের শঙ্কা বেড়েছে।
আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তত্য অনুযায়ী, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং লঘুচাপের প্রভাবে আগামী দুয়েকদিন সারাদেশেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস হতে পারে। আর বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে অন্তত ১৮ জেলার বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। এর ফলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি কিংবা বিদ্যমান বন্যার অবনতি হতে পারে।
এদিকে, টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম।
পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে।
চট্টগ্রাম মহানগরীতেও জলাবদ্ধতা নাগরিকদের ভুগিয়েছে। এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

এই প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
এর ফলে সংবিধানের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট ফেরার পথ তৈরি হয়েছে।
এই সরকারব্যবস্থা ফেরাতে হলে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৯৯, ১২৩, ১৪৭, ১৫২ এবং তৃতীয় তফসিলে যেসব পরিবর্তন আনা হয়েছিল, তা সংশোধন করতে হবে।

টাইমস অব বাংলাদেশের দ্বিতীয় প্রধান খবর— Putul’s secret divorce deal; অর্থাৎ বিবাহবিচ্ছেদে পুতুলের গোপন চুক্তি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বমঞ্চে অটিজম আন্দোলনের এক পরিচিত মুখ।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আদালতে বিবাহ-বিচ্ছেদের চুক্তির মধ্য দিয়ে স্বামী খন্দকার মাশরুর হোসেনের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবন শেষ করেছেন।
এই বিচ্ছেদের জন্য সায়মা ওয়াজেদ পুতুল পান নগদ আড়াই লাখ ডলার এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি বাড়ি, যেগুলোর বর্তমান বাজারদর প্রায় ১০ কোটি ৪৫ লাখ টাকা।
যুক্তরাষ্ট্রের সম্পত্তি-সংক্রান্ত সরকারি রেকর্ড এবং সংযুক্ত আরব আমিরাতের আদালতের নথি থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে এই সংবাদে উল্লেখ করা হয়।
এসব সম্পত্তির বাইরে পুতুলের বিয়েতে পাওয়া উপহার, বিয়ের সামগ্রী, ব্যক্তিগত আসবাবপত্র, পোশাক, অলঙ্কারসহ যাবতীয় স্মারকচিহ্নও ফেরত দেবেন খন্দকার মাশরুর হোসেন।
শেখ হাসিনার কন্যা পুতুল আর খন্দকার মাশরুর দুজনেই কানাডার পাসপোর্টধারী, সে দেশের নাগরিক। তবে ১৯৯৫ সালে ঢাকায় তাদের বিয়ে হয়। শেখ হাসিনা তখন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী।
খন্দকার মাশরুরের বাংলাদেশে কোনো দৃশ্যমান ব্যবসা বা পেশাগত কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। বিদেশেও তিনি কোনো ব্যবসা বা চাকরিতে যুক্ত ছিলেন, এমন নির্ভরযোগ্য তথ্য মেলেনি।
এ কারণে বিদেশে এই সম্পদ কীভাবে অর্জিত হয়েছিল, সে বিষয়ে প্রাপ্ত নথি থেকে নিশ্চিত হওয়া যায়নি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম— Govt plans raising RMG’s incentive to 5% to revive struggling; অর্থাৎ সংকটাপন্ন তৈরি পোশাক শিল্প খাতকে চাঙ্গা করতে প্রণোদনা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা সরকারের।
এই খবরে বলা হয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নগদ প্রণোদনা বিদ্যমান এক দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার মাধ্যমে দেশের সংকটাপন্ন স্পিনিং শিল্পকে সহায়তা করতে পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।
তাতে সরকারি কোষাগার থেকে আনুমানিক ৩,৮০০ কোটি টাকা ব্যয় হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল পত্রিকাটিকে জানিয়েছেন, গতকাল এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পোশাক শিল্পের নেতাদের এই প্রণোদনা বৃদ্ধির বিষয়ে আশ্বস্ত করেছেন।
এই বর্ধিত প্রণোদনার সুবিধা কেবল তারাই পাবেন যারা পোশাক রপ্তানিতে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করেন। অভ্যন্তরীণ বাজারে সুতা সরবরাহকারী দেশীয় স্পিনিং মিলগুলো— যারা প্রতি বছরে প্রায় ৮ বিলিয়ন ডলার মূল্যের কাঁচামালের জোগান দেয়, তারা এই আর্থিক সহায়তা পাবে না।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের আটটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলো সংস্কার করে দ্রুত চালু করা হবে, এমন আশ্বাস গত দুই বছর ধরে আবার শোনা যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শীর্ষ কর্তাদের মুখে।
তারা বলছেন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি, অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে আটটি পরিত্যক্ত বিমানবন্দর সচল করার পরিকল্পনা রয়েছে।
তবে বাস্তবে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের হাঁকডাকেই আটকে আছে প্রতিশ্রুতি।
মাঠপর্যায়ে কাজের কোনো অগ্রগতি নেই। প্রাথমিক ‘সম্ভাব্যতা যাচাই’ বা টেকনিক্যাল সার্ভের উদ্যোগও নেই; সংস্কারের বাজেট, রানওয়ের সীমানা নির্ধারণ, ভূমি অধিগ্রহণ তো আরও অনেক পরের কথা।

এই খবরে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাস, চা, পাথর, বালি ও পর্যটন— অর্থনৈতিক সম্ভাবনার অনেক উপাদানই রয়েছে সিলেট অঞ্চলে।
কিন্তু রাজধানীর সঙ্গে এ অঞ্চলের প্রধান সংযোগপথ ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের দুরবস্থা এবং চার লেনে উন্নয়ন প্রকল্পের ধীরগতির কারণে সেই সম্ভাবনার বড় অংশ অধরাই থেকে যাচ্ছে।
উদ্যোক্তারা বলছেন, একটি মহাসড়কের সীমাবদ্ধতা এখন পুরো অঞ্চলের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কটির উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। এতে সড়কটির অনেক অংশ এখন খানাখন্দে ভরা। বৃষ্টি হলে গর্তে পানি জমে পরিস্থিতি আরো খারাপ হয়।
সড়কটির বেহাল দশার কারণে ৪-৫ ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৮-১০ ঘণ্টা। এতে যাত্রী দুর্ভোগের পাশাপাশি শিল্প-কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

