কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফরকে কেন্দ্র করে কলকাতা ও তার আশপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কলকাতায় পৌঁছবেন প্রধানমন্ত্রী। পরদিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরকে সামনে রেখে শনিবার বিকেল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এলপিজি, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, দুধ, ফল, সবজি, মাছ এবং ওষুধবাহী গাড়ি স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে।
– বিজ্ঞাপন –
প্রধানমন্ত্রীর সফরের কারণে নির্দিষ্ট কিছু রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। ট্র্যাফিকের চাপ সামাল দিতে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের।
কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, শনিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত মালবাহী গাড়ির উপর একই ধরনের নিয়ন্ত্রণ বলবৎ থাকবে। প্রয়োজনে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও সাময়িক ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হতে পারে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পার্কিং নিয়েও বিশেষ বিধিনিষেধ কার্যকর হবে।
এছাড়া শনিবার বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট সংলগ্ন এলাকা থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণের নির্দিষ্ট অংশে সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান ঘিরে কয়েক হাজার মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থাও থাকবে নজিরবিহীন। ইতিমধ্যেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ নাগরিকদের ট্র্যাফিক সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি, যাত্রীদের সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার এবং ট্র্যাফিক আপডেটের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
