লেহ: পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ করল লাদাখ প্রশাসন। কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিকের ব্যবহার, বিক্রি, মজুত এবং সরবরাহের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বা বিক্রি করতে ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তাঁর বক্তব্য, হিমালয়ের কোলে অবস্থিত লাদাখের ভঙ্গুর পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশের উপর চাপ ক্রমশ বাড়ছিল।
– বিজ্ঞাপন –
প্রশাসনের নতুন নির্দেশিকা অনুযায়ী, লেহ বিমানবন্দর-সহ লাদাখে প্রবেশের বিভিন্ন সীমান্ত ও প্রবেশপথে নিয়মিত তল্লাশি চালানো হবে। নিষিদ্ধ প্লাস্টিক যাতে কোনওভাবেই লাদাখে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য। ফলে পর্যটক, পরিবহণ সংস্থা এবং ব্যবসায়ীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিষিদ্ধ সামগ্রীর তালিকায় রয়েছে প্লাস্টিকের কাপ, প্লেট, স্ট্র, কাটলারি, স্টিরার, প্লাস্টিক পতাকা, থার্মোকলের সাজসজ্জার সামগ্রী, পাতলা প্লাস্টিক ব্যানার এবং অন্যান্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকজাত পণ্য।
শুধু প্লাস্টিক নয়, জনসমক্ষে আবর্জনা ফেললেও কড়া শাস্তির মুখে পড়তে হবে। নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে ময়লা ফেললে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
নিয়ম কার্যকর করতে প্রশাসন মাঠপর্যায়ের আধিকারিকদেরও বিশেষ ক্ষমতা দিয়েছে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহসিলদার, বন দফতরের কর্মী এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা সরাসরি জরিমানা ও চালান কাটতে পারবেন। এর ফলে পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।
বিজ্ঞাপন
পরিবেশবিদদের মতে, হিমালয় অঞ্চলের পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ অন্য পাহাড়ি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছেও দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
