ভারতে অ্যাপলের উৎপাদন সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার টাটা ইলেকট্রনিক্সের বিরুদ্ধে গুরুতর পরিবেশ দূষণের অভিযোগ উঠল। তামিলনাড়ুর হোসুরে অবস্থিত সংস্থার একটি কারখানা থেকে নির্গত বর্জ্যজল আশপাশের কৃষিজমি ও ভূগর্ভস্থ জল দূষিত করছে বলে অভিযোগ করেছে তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (TNPCB)।
সংবাদ সংস্থা রয়টার্সের হাতে আসা ২৫ মে-র একটি নোটিসে বলা হয়েছে, কারখানাটি থেকে নির্গত বর্জ্যজল একটি বৃষ্টির জল সংরক্ষণ পুকুরে ফেলা হচ্ছিল। পরবর্তীতে সেই পুকুর উপচে পড়ে পাশের কৃষিজমির খোলা কুয়ো এবং ভূগর্ভস্থ জলে দূষণ ছড়ায় বলে অভিযোগ।
– বিজ্ঞাপন –
হোসুরের ওই কারখানায় অ্যাপলের আইফোনের ব্যাক প্যানেল এবং অন্যান্য যন্ত্রাংশ তৈরি হয়। স্থানীয় কৃষক ও জমির মালিকরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন যে কারখানার বর্জ্যজল তাঁদের জমি ও কুয়োর জল দূষিত করছে। সেই অভিযোগের ভিত্তিতেই ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে পাঁচবার পরিদর্শন চালায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
নোটিসে আরও দাবি করা হয়েছে, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর জারি করা নির্দেশিকার পরেও টাটা ইলেকট্রনিক্স প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। তাই সংস্থাকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না এবং কেন কারখানাটি বন্ধ করে দেওয়া হবে না।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে টাটা ইলেকট্রনিক্স। সংস্থার দাবি, একটি স্বীকৃত স্বাধীন পরীক্ষাগারের মাধ্যমে পরিবেশগত বিশ্লেষণ করানো হয়েছে এবং সেই রিপোর্টে দেখা গিয়েছে তারা সমস্ত নিয়ম মেনেই কাজ করছে। এক বিবৃতিতে টাটা জানিয়েছে, পরিবেশ ও স্থানীয় সম্প্রদায়ের সুরক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নোটিসেরও জবাব দেওয়া হয়েছে।
অ্যাপল কিংবা তামিলনাড়ু সরকার এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
বিজ্ঞাপন
এই ঘটনা এমন এক সময় সামনে এল, যখন অ্যাপল দ্রুতগতিতে চীনের বাইরে উৎপাদন বাড়ানোর কৌশল গ্রহণ করেছে এবং ভারতে তাদের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের অনুমান অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের মোট আইফোন উৎপাদনের প্রায় ২৬ শতাংশ ভারতে হবে। চার বছর আগে এই হার ছিল মাত্র ৬ শতাংশ।
তবে ভারতে অ্যাপলের সরবরাহ শৃঙ্খল নিয়ে বিতর্ক নতুন নয়। ২০২৪ সালে হোসুরে টাটার একই কারখানায় অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে আইফোন যন্ত্রাংশ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। এর আগে ২০২৩ সালে অ্যাপলের তৎকালীন সরবরাহকারী পেগাট্রনের কারখানায় আগুন লাগার ঘটনাতেও উৎপাদন ব্যাহত হয়েছিল।
এছাড়া ২০২৪ সালে রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছিল, অ্যাপলের অন্যতম প্রধান সরবরাহকারী ফক্সকন ভারতের একটি কারখানায় বিবাহিত মহিলাদের আইফোন অ্যাসেম্বলি লাইনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করছিল। যদিও সেই অভিযোগও অস্বীকার করেছিল সংস্থাটি।
পরিবেশ দূষণের এই নতুন অভিযোগ অ্যাপলের ‘মেক ইন ইন্ডিয়া’ পরিকল্পনার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলেই মনে করছেন শিল্প মহলের একাংশ।
