মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। আগামী ৮ মে প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেছে West Bengal Board of Secondary Education। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফল প্রকাশ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে, পরীক্ষার্থীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট বা নির্ভরযোগ্য সূত্র থেকেই ফলাফল সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। কোনও ভুয়ো খবর বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। রাজ্যজুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯.৭১ লাখ।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং ৪,২৬,৭৩৩ জন ছাত্র ছিল। পাশাপাশি একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও এ বছর মাধ্যমিকে অংশগ্রহণ করেছেন।
পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ। ফলে পরীক্ষার্থীদের মধ্যে ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ও অপেক্ষা বাড়ছে।
