কলকাতা: রাজ্যের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ১ জুলাই ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। নতুন মজুরি কাঠামো অনুযায়ী, দক্ষতা এবং কর্মক্ষেত্রের ভিত্তিতে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে।
শ্রম দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যকে দু’টি জ়োনে ভাগ করে এই নতুন ন্যূনতম মজুরি কার্যকর করা হবে। জ়োন ‘এ’-র আওতায় রয়েছে পুরসভা এলাকা, নোটিফায়েড এলাকা, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন টাউনশিপ। অন্যদিকে, রাজ্যের বাকি সমস্ত এলাকা জ়োন ‘বি’-র অন্তর্ভুক্ত।
– বিজ্ঞাপন –
নতুন হার অনুযায়ী, জ়োন ‘এ’-তে কর্মরত অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০,৫৫৮ টাকা, যা দৈনিক ৪০৬ টাকা হিসেবে গণ্য হবে। অন্যদিকে, জ়োন ‘বি’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ৯,৭৬০ টাকা বা দৈনিক ৩৭৫ টাকা।
অর্ধদক্ষ বা সেমি-স্কিলড শ্রমিকদের ক্ষেত্রে জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে ১১,৬১৫ টাকা, আর জ়োন ‘বি’-তে তা হবে ১০,৭৩৩ টাকা। দক্ষ বা স্কিলড শ্রমিকদের জন্য জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম মজুরি ১২,৭৭৭ টাকা এবং জ়োন ‘বি’-তে ১১,৮০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, অত্যন্ত দক্ষ (হাইলি স্কিলড) কর্মীদের জন্য জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম মজুরি ধার্য হয়েছে ১৪,০৫৪ টাকা এবং জ়োন ‘বি’-তে ১২,৯৯০ টাকা।
শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৩১টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে এই নতুন মজুরি কাঠামো প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অটোমোবাইল গ্যারাজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ শিল্প, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কুরিয়ার পরিষেবা, হোটেল ও রেস্তরাঁ, তথ্যপ্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প-সহ একাধিক ক্ষেত্র।
বিজ্ঞাপন
সরকারের তরফে জানানো হয়েছে, প্রতিদিন ৮ ঘণ্টা কাজ এবং সপ্তাহে সর্বাধিক ৪৮ ঘণ্টা কাজের সীমা বজায় রেখেই এই নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করা হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিক ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন বলে মনে করছে শ্রম দফতর।
