নিজস্ব সংবাদদাতা:
হাওড়া স্টেশনে ট্রেনের ভিড় সামলাতে এবং সিগন্যালজনিত কারণে ট্রেন দেরির সমস্যা কমাতে বড় পদক্ষেপ করল ভারতীয় রেল। সোমবার থেকে যাত্রী পরিষেবার জন্য চালু হল হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে এই প্ল্যাটফর্ম থেকেই প্রথম যাত্রা শুরু করে ধৌলি এক্সপ্রেস।
রেল সূত্রের খবর, নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্মটি বর্তমানে হাওড়া স্টেশনের সবচেয়ে দীর্ঘ প্ল্যাটফর্ম। প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ এই প্ল্যাটফর্মে একসঙ্গে ২৬ বগির দীর্ঘ দূরত্বের ট্রেন সহজেই দাঁড়াতে পারবে। এতদিন স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর, তবে ক্রমবর্ধমান ট্রেন চলাচলের চাপ সামাল দিতে নতুন প্ল্যাটফর্ম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
– বিজ্ঞাপন –
রেল জানিয়েছে, প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক প্ল্যাটফর্ম। এর ফলে দীর্ঘ দূরত্বের ট্রেন পরিচালনা আরও সহজ হবে এবং ট্রেন ছাড়ার ক্ষেত্রে জট কমবে বলে আশা করা হচ্ছে।
ট্রেন লেট কমাতে আরও একাধিক প্রকল্প
হাওড়া ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি ১৬ নম্বর প্ল্যাটফর্মেও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
এছাড়াও হাওড়া স্টেশনে ‘রুট রিলে ইন্টারলকিং (Route Relay Interlocking)’ ব্যবস্থা বসানো হচ্ছে। এই আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু হলে ট্রেন চলাচল আরও নিরাপদ ও দ্রুত হবে।
হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের লাইনের সংযোগস্থলে গুরুত্বপূর্ণ কাজ চলছে। এই কারণেই বর্তমানে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়তে এবং স্টেশন ছাড়তে কিছুটা বেশি সময় লাগছে। সংযোগস্থলের কাজ শেষ হলে ট্রেন দেরির সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা রেলের।
বিজ্ঞাপন
একাধিক স্টেশনে পরিকাঠামো উন্নয়ন
রেল সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর, লিলুয়া, আজিমগঞ্জ, ডানকুনি, রামপুরহাট এবং কাটোয়ায় উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
যাত্রী পরিষেবা আরও উন্নত করতে একাধিক স্টেশনে লিফট বসানোর কাজও শুরু হয়েছে। আগামী পর্যায়ে হাওড়া, তারকেশ্বর, সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, লিলুয়া-সহ আরও বেশ কয়েকটি স্টেশনে লিফট বসানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলের আশা, নতুন প্ল্যাটফর্ম, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা এবং চলমান পরিকাঠামো উন্নয়নের ফলে আগামী দিনে হাওড়া স্টেশনে ট্রেন চলাচল আরও স্বাভাবিক ও সময়নিষ্ঠ হবে।
