খবর অনলাইন ডেস্ক: কেন্দ্রীয় সরকার এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে ফের মতবিরোধ প্রকাশ্যে এল। সিজেপির অভিযোগ, শনিবার আলোচনায় কেন্দ্র যে আশ্বাস দিয়েছিল, সুপ্রিম কোর্টের মঙ্গলবারের পর্যবেক্ষণ তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায়, যেসব নাবালক বিক্ষোভকারীর বিরুদ্ধে অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই, তাঁদের আটক বা গ্রেফতার করে রাখা যাবে না। আদালতের এই পর্যবেক্ষণকে স্বাগত জানালেও সিজেপি জানায়, তাদের মূল দাবি ছিল আন্দোলনের সময় আটক হওয়া সকলের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি। দলটির মুখপাত্র সৌরভ দাস বলেন, আদালতের শর্তসাপেক্ষ নির্দেশ তাঁদের কাছে গ্রহণযোগ্য নয়।
– বিজ্ঞাপন –
সিজেপির দাবি, শনিবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাতে এমন কোনও শর্তের উল্লেখ ছিল না। পাশাপাশি তারা অভিযোগ করেছে, কেন্দ্র এখনও আলোচনার খসড়া চুক্তিতে সই করে ফেরত দেয়নি। দাবি পূরণ না হলে আবার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দলটি।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের দাবি, শুধুমাত্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করার আশ্বাস দেওয়া হয়েছিল। যাঁদের বিরুদ্ধে আগে থেকেই অপরাধের অভিযোগ রয়েছে বা আন্দোলনের নামে হিংসায় জড়িত ছিলেন, তাঁদের ক্ষেত্রে কোনও ছাড়ের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সরকারের বক্তব্য, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডাও সাংবাদিক বৈঠকে একই অবস্থান স্পষ্ট করেছিলেন।
এই অবস্থানগত পার্থক্য ঘিরেই কেন্দ্র ও সিজেপির মধ্যে নতুন করে টানাপড়েন শুরু হয়েছে।
