খবর অনলাইন ডেস্ক: সংবিধান সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দিয়েছে। বিচারব্যবস্থাও বিভিন্ন সময়ে সেই অধিকার রক্ষায় হস্তক্ষেপ করেছে। কিন্তু বাস্তবে সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে আদালত। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তাঁর সতর্কবার্তা, বিচারবিভাগের হস্তক্ষেপে দেরি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া অনেক সময় সাংবাদিকদের ভয় দেখানোর হাতিয়ার হয়ে উঠছে।

প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা দিবসের বার্ষিক বক্তৃতায় ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে বিচারব্যবস্থা কি সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে পেরেছে?’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রশ্ন তোলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “সংবিধান এই প্রশ্নের উত্তর আগেই দিয়েছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। আজ আমাদের এই ব্যবধান নিয়েই আলোচনা করতে হবে।”

– বিজ্ঞাপন –

কপিল সিব্বলের মতে, সংবাদমাধ্যমের স্বাধীনতারক্ষায় আদালত একাধিকবার হস্তক্ষেপ করলেও সাংবাদিকদের আইনি হয়রানি থেকে বাঁচাতে সেই উদ্যোগ যথেষ্ট দ্রুত বা ধারাবাহিক হয়নি। তাঁর কথায়, “বিচারব্যবস্থা স্বাধীনতার নীতিকে সমর্থন করেছে, কিন্তু বাস্তবে সেই অধিকার সুনিশ্চিত করতে পারেনি।”

সাংবাদিকদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং অন্যান্য ফৌজদারি আইন ব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, এফআইআর দায়ের, গ্রেফতারের আশঙ্কা এবং দীর্ঘদিন ধরে মামলা চালানোর চাপ স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করছে। শেষপর্যন্ত অভিযোগ খারিজ হলেও তত দিনে সাংবাদিকের কাজ বাধাগ্রস্ত হয়ে যায়। সিব্বলের কথায়, “আইনি প্রক্রিয়াটাই শাস্তিতে পরিণত হচ্ছে।”

২০২৩ সালের সুপ্রিম কোর্টের মিডিয়া ওয়ান মামলার উল্লেখ করে তিনি বলেন, সরকারের সমালোচনামূলক সাংবাদিকতাকে ‘সরকারবিরোধী’ হিসেবে চিহ্নিত করলে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর নেতিবাচক প্রভাব পড়ে। সরকারের সমালোচনা এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকির মধ্যে পার্থক্য করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, “যে সংবাদমাধ্যমের কাছে সরকারের সমর্থন প্রত্যাশা করা হয়, তা আর সংবাদমাধ্যম থাকে না, সরকারের একটি দফতরে পরিণত হয়।”

জনসমাবেশ ও বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার বিষয়টিও তুলে ধরেন সিব্বল। তাঁর দাবি, গত অক্টোবর মাসে দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ৪০ জনেরও বেশি সাংবাদিককে আটক করা হয়েছিল অথবা তাঁদের কাজে বাধা দেওয়া হয়েছিল। তাঁদের অনেকে নিজেদের সাংবাদিক পরিচয়পত্রও দেখিয়েছিলেন।

বিজ্ঞাপন

সিব্বলের বক্তব্য, পরে সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চ নির্দেশ দেয়, আইনজীবী, সাংবাদিক এবং অন্যান্য পেশার মানুষকে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া যাবে না। তিনি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারী এবং বিক্ষোভের খবর সংগ্রহকারী সাংবাদিকদের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা প্রয়োজন। সাংবাদিকদের নোট ও ভিডিও ফুটেজ বাজেয়াপ্ত করা হলে সংবাদ সংগ্রহের অধিকারও ক্ষুণ্ণ হয়।

ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সাংসদ। বিশেষ করে, সাংবাদিকতার কাজের জন্য আইনে স্পষ্ট ছাড় না থাকার বিষয়টি তুলে ধরেন তিনি। তাঁর মতে, কোনও ব্যক্তির বিরুদ্ধে তদন্তের খবর প্রকাশ করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া বাধ্যতামূলক হলে অথবা গোপন সূত্রের পরিচয় প্রকাশ করতে হলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

সবশেষে সিব্বল বলেন, সংবিধান সাংবাদিকদের অধিকার রক্ষায় বিচারব্যবস্থাকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। কিন্তু সেই ক্ষমতার ধারাবাহিক ও দ্রুত প্রয়োগ না হলে সাংবাদিকরা আইনি হয়রানি, ভয়ভীতি এবং দীর্ঘ মামলার ঝুঁকির মুখেই থাকবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *