আর মাত্র কয়েক ঘণ্টা পরে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই সংঘর্ষে জড়িয়েছে দুদলের সমর্থকরা।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মধ্যকার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, নিউ ইয়র্কের মিডটাউন ম্যানহাটনের কেন্দ্রস্থলে সমবেত হয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। পাশেই অবস্থান নিয়েছিলেন আলজেরিয়ার সমর্থকেরাও। দুদলের সমর্থকেরা শুরুতে নিজেদের দলের স্লোগান দিলেও পরে প্রতিপক্ষকে বিদ্রুপ করতে থাকেন।
ঘটনা ধীরে ধীরে অন্যদিকে মোড় নেয়। মৌখিক তর্ক দ্রুতই রূপ নেয় শারীরিক সংঘর্ষে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের সমর্থকেরা একে অপরকে ধাক্কা দিচ্ছেন, লাথি ও ঘুষি মারছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে হাজির হয় নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং শৃঙ্খলা ফিরে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া কাউকে আটক করা হয়েছে কি না, সেটাও জানা যায়নি।
বাংলাদেশ সময় সকাল ৭টায় গ্রুপ জে-র ম্যাচে ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন স্টেডিয়াম ও ম্যাচকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


