খবর অনলাইন ডেস্ক: প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি তথা ভারতীয় ফুটবল প্রশাসনের অন্যতম পরিচিত মুখ স্বপনসাধন বসু। ফুটবলমহলে ‘টুটু বসু’ নামেই অধিক পরিচিত এই প্রবীণ ক্রীড়া প্রশাসক মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার গভীর রাতে আচমকাই গুরুতর হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে ভেন্টিলেশনে রাখেন। শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। মঙ্গলবার রাতে ফের ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে সব চেষ্টা ব্যর্থ করে চলে যান ময়দানের এই দাপুটে কর্তা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল আটটায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে বাসভবনে। এর পর খিদিরপুর ক্লাব, ভবানীপুর ক্লাব ঘুরে পৌঁছবে মোহনবাগান ক্লাবে। সকাল ১১টা নাগাদ সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন প্রাক্তন ফুটবলার, ক্রীড়াপ্রেমী ও অসংখ্য সমর্থক।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন টুটু বসু। মাঝেমধ্যে শয্যাশায়ী হয়ে পড়লেও ক্লাব প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি গত বছরের মোহনবাগান নির্বাচনের সময়ও তাঁর উপস্থিতি ও প্রভাব ছিল স্পষ্ট।
১৯৯১ সাল থেকে প্রায় তিন দশক ধরে মোহনবাগান প্রশাসনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তিনি। এই দীর্ঘ সময়ে বহু সংকট, বিতর্ক ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ময়দান। কিন্তু প্রতিটি কঠিন পরিস্থিতিতে দৃঢ় হাতে ক্লাবকে সামলে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টুটু বসুর অবদান আজও স্মরণীয় হয়ে থাকবে।
শুধু মোহনবাগান নয়, গোটা কলকাতা ময়দানেই তিনি ছিলেন এক বিরল ব্যক্তিত্ব। ইস্টবেঙ্গল-মোহনবাগান বিভাজনের ঊর্ধ্বে উঠে সব ক্লাবের সমর্থকদের কাছেই ছিলেন শ্রদ্ধেয় অভিভাবকসুলভ মানুষ। তাঁর প্রয়াণে বাংলার ক্রীড়াজগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।
