রাজধানীতে টানা বৃষ্টির পরও কমেনি বায়ুদূষণ। বৃহস্পতিবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। গত বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীতে প্রায় ২৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। সাধারণত বৃষ্টিপাতের ফলে বাতাসের ধূলিকণা ও দূষণ কিছুটা কমে যায়। তবে এবার তার ব্যতিক্রম দেখা গেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৮৬। এই মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ১৫৩। তৃতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১২৭।

এছাড়া আমিরাতের দুবাই ১১২ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের দিল্লি ৯৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। বিশ্বের অন্যান্য বড় শহরের মতো দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে মেগাসিটি ঢাকা। বর্ষাকাল শুরু হওয়ায় দূষণের মাত্রা কিছুটা কমার আশা করা হলেও বাস্তবে পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি মানের বায়ু নির্দেশ করে। ১০১ থেকে ১৫০ পর্যন্ত স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *