তিন মাসের জন্য বিসিবি অ্যাডহক কমিটি পেয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আগামী তিন মাসের মধ্যে তাদের নির্বাচন দিতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে চাওয়ার কথা আগেই জানিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিতও জানালেন তামিম।

নিউজিল্যান্ড সিরিজের শুরুতে প্রেসবক্সে এসে তামিম জানিয়েছিলেন, জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন দিয়ে দেয়ার পরিকল্পনা আছে তার বোর্ডের। এদিন জানালেন, আগামী ৩ মে বোর্ড সভাতে নির্বাচনী প্রক্রিয়া শুরু করবেন তারা। প্রক্রিয়া বলতে নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে বাকিসব শুরুর কথা বুঝিয়েছেন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি থেকে একই পদে নির্বাচনে কোন বাধা নেই। তবে গত কয়েকদিন তামিমের পদত্যাগ সংক্রান্ত গুঞ্জন ছড়িয়েছে। যে, অ্যাডহক কমিটি সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে বোর্ডের নির্বাচনে অংশ নেবেন তিনি।

সেই গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম। সভাপতি নির্বাচনে অংশ নেয়ার বিষয় নিশ্চিত করে জানালেন, পদত্যাগের বিষয়ে কিছু ভাবছেন না। নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বোর্ডের নিয়মিত কাজগুলো চালিয়ে যাবেন।

বিসিবি নির্বাচন প্রসঙ্গে তামিম বলেছেন, ‘চেষ্টা করব সবার সঙ্গে কথা বলে ৩ তারিখে একটা বোর্ড মিটিং করে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু করে দেয়ার। যদি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যায়, সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়। সেটা হয়ে গেলে আমাদের ডেডলাইনের ২ সপ্তাহ আগেই নির্বাচন হয়ে যাবে।’

পদত্যাগ প্রসঙ্গে তামিমের মন্তব্য, ‘পদত্যাগের কথা আমরা চিন্তা করিনি। ব্যক্তিগতভাবে এরকম কোনকিছু চিন্তা করিনি। প্রথমদিনই বলেছি নির্বাচন করব। সভাপতির নির্বাচনে অবশ্যই অংশ নেব। গঠনতন্ত্র অনুসরণ করে। গঠনতন্ত্র যেটা আমাকে অনুমোদন দেবে, সে অনুযায়ী আগাব।’

নির্বাচনে স্বচ্ছতার বিষয়ে প্রতিশ্রুতি তামিমের, ‘যখন একটা ইসি গঠন হয়ে যাবে, তখন থেকে তারা স্বাধীন। আমার সেখানে কিছু করার নেই। আমরা নিয়মিত কাজগুলো করতে থাকব। প্রক্রিয়ায় তো অনেককিছু থাকে। কিন্তু আপনি কীভাবে ব্যবহার করছেন, সেটার উপর অনেককিছু নির্ভর করে। যেহেতু আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে এত কথা বলেছি, আশা করি আমাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *