মারণ রোগ ক্যানসারের নাম শুনলেই বুক কাঁপে রোগীর পাশাপাশি রোগীর পরিজনদের। চিকিৎসার পাশাপাশি রোগ সারাতে বিপুল ব্যয়ভারও এক্ষেত্রে একটা বড়ো চিন্তাভাবনার বিষয় হয়ে দাঁড়ায়। প্রাণঘাতী ফুসফুসের ক্যানসার বহু রোগীর প্রাণ কাড়ে। সময়মতো চিকিৎসা শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুসফুসের ক্যানসার সারানো আরও দ্রুত ও কার্যকরী করে তুলতে ভারতে নয়া চিকিৎসা পদ্ধতি শুরু হয়েছে
ফুসফুসের ক্যানসার সারাতে ইমিউনোথেরাপি ওষুধ Tecentriq প্রয়োগ করা হয়। কিন্তু এই ওষুধ আইভি ইনফিউশন পদ্ধতির মাধ্যমে রোগীর শরীরে প্রয়োগ করতে হত। এর জন্য রোগীকে হাসপাতালে ভর্তি হতে হত। এখন Roche Pharma India নামে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইমিউনোথেরাপি ওষুধ Tecentriq এর ইঞ্জেকশন বাজারে এনেছে। মাত্র ৭ মিনিটের মধ্যে এই ইঞ্জেকশন সূচ ফুটিয়ে রোগীকে দেওয়া সম্ভব। মূলত থাইয়ে ইঞ্জেকশন দিতে হবে। চিকিৎসা আরও দ্রুত শুরু হবে। রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে না।
তবে সব রকমের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীকে এই ওষুধ দেওয়া যাবে না। মূলত, যে সব ফুসফুসের ক্যানসার রোগী non-small cell lung cancer এ আক্রান্ত তাঁদের এই ইঞ্জেকশন দেওয়া হবে। চিকিৎসকরা আগে পরীক্ষা করে দেখবেন ক্যানসার সৃষ্টিকারী টিউমারে পিডি-এল১ নামক প্রোটিন বেশি পরিমাণে আছে কিনা। নয়া ইঞ্জেকশন সেই প্রোটিনকে আটকে দেয়। ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপির মাধ্যমে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়। যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাই ক্যানসার সৃষ্টিকারী কোষকে ধ্বংস করে ফেলে। তবে এই ওষুধের দাম পড়বে একেকটা ডোজের জন্য ৩.৭ লাখ টাকা করে।
