
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য অস্বাভাবিক দীর্ঘ বিশ্রামের সুযোগ চেয়েছিল বেইজিং। চীনা পক্ষ থেকে বারবার এই বিশ্রামের আবদার জানানোর কারণে দুই বিশ্বনেতার পূর্বনির্ধারিত কর্মসূচির কয়েক ঘণ্টা সময় কাটছাঁট করতে হয়েছে।
সোমবার ৫ অক্টোবর ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইভেন্টগুলোর ফাঁকে শি জিনপিংয়ের বিশ্রামের জন্য ওয়েস্ট উইংয়ের ভেতরে একটি ব্যক্তিগত কক্ষের দাবি জানিয়েছিল চীনা প্রতিনিধিদল। এমনকি সেই কক্ষে শি জিনপিংয়ের সঙ্গে কেবল তার স্ত্রী পেং লিউয়ানের প্রবেশের অনুমতি ছিল, অন্য কারো নয়।
সফরের একমাত্র পুরো কার্যদিবস অর্থাৎ ২৪ সেপ্টেম্বর ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে একটি যৌথ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু চীনা কর্মকর্তারা সেই দ্বিপাক্ষিক মধ্যাহ্নভোজের প্রস্তাব বাতিল করে দেন। তাদের যুক্তি ছিল, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন। এসব সূচিসংক্রান্ত পরিবর্তনের ফলে মাত্র দুই দিনের কম সময়ের এই সফরের মাঝে প্রায় পাঁচ ঘণ্টার একটি বড় বিরতি তৈরি হয়।
বেইজিং থেকে প্রায় ১৪ ঘণ্টার দীর্ঘ বিমান সফর শেষে শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছান। তবে ক্লান্তি বিবেচনা করে তার আগমনের প্রথম সন্ধ্যায় কোনো কর্মসূচিই রাখা হয়নি। অন্যদিকে ২৫ সেপ্টেম্বর ন্যাশনাল আর্কাইভসে চীনা প্রেসিডেন্টের নির্ধারিত যে পরিদর্শন ছিল, তা মার্কিন কর্মকর্তাদের মূল পরিকল্পনার চেয়ে অনেক সংক্ষিপ্ত করা হয় এবং মাত্র ১০ মিনিটে তা শেষ করা হয়।
প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে, শি জিনপিং কতক্ষণ দাঁড়িয়ে বা হাঁটাহাঁটি করতে পারবেন এবং কখন তার বিরতির প্রয়োজন হবে; মূলত এই শারীরিক দিকগুলো বিবেচনা করেই পুরো সফরের সময়সূচি সাজিয়েছিল তার দল। জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সিনিয়র চায়না ডিরেক্টর ডেনিস উইল্ডার এই ব্যক্তিগত কক্ষের বিষয়টিকে বেশ অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এর আগে তিনি যেসব রাষ্ট্রীয় সফরের আয়োজন করতে সাহায্য করেছিলেন, তার তুলনায় এবার চীনা পক্ষের এমন ব্যবস্থা একেবারেই নজিরবিহীন।
২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকটি দুপুর বারোটার কাছাকাছি সময়ে শুরু হয় এবং বিকেলের শুরুতেই তা শেষ হয়ে যায়। বৈঠক শেষে শি জিনপিং হোয়াইট হাউস ত্যাগ করেন এবং পরবর্তীতে রাতে নির্ধারিত রাষ্ট্রীয় নৈশভোজের জন্য ফের ফিরে আসেন। সফরের সূচি এভাবে সংকুচিত করার ফলে দুই শীর্ষ নেতার মধ্যে মূল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছিল।
এই সফরের পুরোটা সময় জুড়েই শি জিনপিংয়ের চলাফেরায় বাড়তি সতর্কতা পরিলক্ষিত হয়েছে। বিমান থেকে সিঁড়ি দিয়ে নামার সময় এবং ন্যাশনাল আর্কাইভসের সিঁড়িতে ওঠার সময় তাঁকে স্ত্রী পেং লিউয়ানের হাত ধরে সাবধানে হাঁটতে দেখা গেছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, সূচির এই পরিবর্তনের বড় একটি কারণ হতে পারে দীর্ঘ বিমান ভ্রমণের ফলে সৃষ্ট ‘জেট ল্যাগ’। পাশাপাশি বিশ্লেষকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রকাশ্য উপস্থিতি বা কর্মসূচিতে শি জিনপিংয়ের মানসিক বা জ্ঞানীয় সক্ষমতা হ্রাসের কোনো দৃশ্যমান লক্ষণ দেখা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
