অবশেষে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে ওড়িশা এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে জোড়া অক্ষরেখা। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার পূর্ব বর্ধমান ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

এছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবারও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তেও অর্থাৎ শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।

তবে রবিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। সেই সঙ্গে আবারও বাড়তে পারে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে আজ এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *