আগের তুলনায় এখন গরমকালে তাপপ্রবাহের সংখ্যা অনেকটাই বেড়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির জেরে এই পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিচ্ছে। আবহাওয়া দফতরের মতে, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বা তার বেশি হলে তাকে তাপপ্রবাহ পরিস্থিতি বলা হয়।
শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই তাপপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ৫ থেকে ১৪ বছর বয়সি শিশুদের উপর। অতিরিক্ত গরমে শিশুদের মধ্যে ডিহাইড্রেশন বা জলশূন্যতা, ক্লান্তি, মাথাব্যথা, বমিবমি ভাব, দুর্বলতা, হালকা জ্বর এবং খিদে কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।
চিকিৎসকদের কথায়, দীর্ঘক্ষণ রোদে থাকলে শিশুদের শরীর থেকে দ্রুত ফ্লুইড বেরিয়ে যায়। ফলে শরীরে জলের ঘাটতি তৈরি হয় এবং শারীরিক স্ট্রেস বাড়ে। অনেক ক্ষেত্রে পেশির যন্ত্রণাও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ—
- পিপাসা না পেলেও শিশুদের বারবার জল খাওয়ান
- সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদ এড়িয়ে চলুন
- হালকা ও ঢিলেঢালা সুতির পোশাক পরান
- বাইরে বেরোলে সঙ্গে জল রাখুন
- ঘোল, লেবুর শরবত, ডাবের জল খাওয়ান
- লেবু, তরমুজ, শশার মতো জলসমৃদ্ধ ফল বেশি দিন
- বাইরের কাটা ফল ও কৃত্রিম পানীয় এড়িয়ে চলুন
- অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার না খাওয়ানোই ভাল
চিকিৎসকদের মতে, সামান্য সতর্ক থাকলেই গরমের সময়ে শিশুদের অনেক সমস্যার হাত থেকে বাঁচানো সম্ভব।
