ফলের রসের মতো দেখতে টেট্রা প্যাক ও ছোট স্যাশেতে মদ বিক্রি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বুধবার কেন্দ্র সরকার, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত।
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ক্যাম্পেইন অ্যাগেইনস্ট ড্রাঙ্কেন ড্রাইভিং’-এর করা মামলায় অভিযোগ করা হয়েছে, অনেক ক্ষেত্রে মদের প্যাকেটে আপেল, আম বা অন্য ফলের ছবি ব্যবহার করা হচ্ছে। ফলে বাইরে থেকে দেখে এগুলিকে ফলের রস বলে ভুল হতে পারে। এতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ চার সপ্তাহের মধ্যে কেন্দ্র ও রাজ্যগুলিকে জবাব দিতে বলেছে।
মামলাকারী পক্ষের আইনজীবী বিপিন নায়ার আদালতে বলেন, বর্তমানে বিভিন্ন রাজ্যের আবগারি আইনে “বোতল” শব্দের স্পষ্ট সংজ্ঞা নেই। সেই সুযোগে নানা ধরনের প্যাকেটে মদ বিক্রি করা হচ্ছে। তিনি আদালতে জানান, কিছু ভদকার টেট্রা প্যাকে সবুজ আপেলের ছবি দেওয়া হচ্ছে, যা খুবই বিভ্রান্তিকর।
এই বিষয়ে আদালতও মন্তব্য করে, “এটা খুবই প্রতারণামূলক।”
আবেদনকারীদের দাবি, এই ধরনের প্যাকেট সহজে লুকিয়ে রাখা যায়। ফলে পার্ক, রাস্তা বা চলন্ত গাড়িতে প্রকাশ্যে মদ্যপান বাড়তে পারে। এমনকি নাবালকদের হাতেও সহজে পৌঁছে যেতে পারে এই প্যাকেট।
এছাড়াও বলা হয়েছে, সিগারেটের প্যাকেটের মতো বড় করে স্বাস্থ্য সতর্কবার্তা থাকে না এসব মদের প্যাকেটে। সতর্কবার্তা থাকলেও তা খুব ছোট অক্ষরে লেখা থাকে, যা সাধারণ মানুষের চোখে পড়ে না।
স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, গোটা দেশে মদের প্যাকেজিং নিয়ে একরকম নিয়ম আনা হোক এবং সব রাজ্যের আবগারি নীতিতে নির্দিষ্ট মান বজায় রাখা হোক।
