ভারতের জনগণনার ইতিহাসে প্রথম বার চালু হতে চলেছে ডিজিটাল জনগণনা। এবার নাগরিকেরা চাইলে সরকারি পোর্টালের মাধ্যমে নিজেরাই অনলাইনে জনগণনার তথ্য জমা দিতে পারবেন। এই নতুন ব্যবস্থার নাম সেল্‌ফ এনুমারেশন (Self Enumeration) বা স্ব-শুমারি।

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত স্ব-শুমারির জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে। এই সময়ের মধ্যে নাগরিকেরা se.census.gov.in পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য অনলাইনে নথিভুক্ত করতে পারবেন।

– বিজ্ঞাপন –

কীভাবে করবেন স্ব-শুমারি?

পোর্টালে প্রবেশ করার পর প্রথমে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম দিতে হবে। চাইলে মোবাইল নম্বর ও ইমেল আইডিও দেওয়া যাবে। ভাষা নির্বাচন করার পর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) পাঠানো হবে।

পরবর্তী ধাপে জেলা, পিন কোড, গ্রাম বা শহরের নাম এবং বাড়ির অবস্থান মানচিত্রে চিহ্নিত করতে হবে। এরপর বাড়ি সংক্রান্ত তথ্য বা হাউসলিস্টিং পূরণ করতে হবে। সব তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করলে একটি ১১ অঙ্কের স্বতন্ত্র ‘SE ID’ মোবাইল বা ইমেলে পাঠানো হবে।

পরে জনগণনার দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক বাড়িতে এলে ওই SE ID দেখাতে হবে। তথ্য যাচাইয়ের পর তা সরকারি সার্ভারে আপলোড করা হবে।

দুই পর্যায়ে হবে জনগণনা

এবারের জনগণনা হবে দু’টি ধাপে

বিজ্ঞাপন

প্রথম পর্যায়ে ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি তালিকাভুক্তি ও গৃহগণনা। এই পর্যায়ে বাড়ির অবস্থা, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগের মতো পরিষেবার তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি রেডিয়ো, টেলিভিশন, কম্পিউটার, মোটরবাইক এবং চার চাকার গাড়ির মতো সম্পদের তথ্যও নেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রকৃত জনসংখ্যা গণনার কাজ হবে। তখন পরিবারের প্রতিটি সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি এবং ধর্ম-সহ অন্যান্য জনসংখ্যাগত তথ্য সংগ্রহ করা হবে।

কলকাতায় বিশেষ প্রস্তুতি

২০২৭ সালের জনগণনার প্রস্তুতির অংশ হিসেবে কলকাতা শহরকে ৮,১১২টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকে গড়ে ৭০০ থেকে ৮০০ জন বাসিন্দা থাকবেন। প্রশাসনের দাবি, নির্ভুল ও সুষ্ঠুভাবে জনগণনা সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *