কলকাতা: বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির রেশ শুক্রবার সকালেও অব্যাহত। কলকাতা ও সংলগ্ন এলাকায় কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে। বেশ কয়েকটি এলাকায় জল জমার খবরও মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এই বৃষ্টির পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও।

– বিজ্ঞাপন –

এদিকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালীন অক্ষরেখা বর্তমানে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উপর সক্রিয় একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প টেনে আনছে। এর জেরেই গোটা রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সমুদ্র উত্তাল থাকায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। দুই ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকায় শহরে ভ্যাপসা গরমের তীব্রতাও কমেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *