ভরা বর্ষায় ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিনও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?

সোমবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে মঙ্গলবার পর্যন্ত ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

– বিজ্ঞাপন –

উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় শনিবার ও রবিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেন হচ্ছে এত বৃষ্টি?

আবহাওয়া দফতরের মতে, বর্তমানে বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মিজ়োরাম পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

মৎস্যজীবীদের সতর্কবার্তা

পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। এর জেরে সমুদ্র উত্তাল রয়েছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার তাপমাত্রা

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.২ ডিগ্রি কম।

বিজ্ঞাপন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *