লিভার-সংক্রান্ত জটিলতায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মেয়ের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করার কিছুক্ষণ পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে কারিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেন কায়সার হামিদ।

পোস্টে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।”

মেয়ের জন্য সবার কাছে ক্ষমাও চান তিনি। কায়সার হামিদ লেখেন, “আমার মেয়ের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।”

এ সময় কঠিন সময়ে পাশে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পোস্টে আরও লেখেন, “যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।”

এর আগে গণমাধ্যমকে কায়সার হামিদ জানিয়েছিলেন, চিকিৎসাধীন অবস্থায় কারিনার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে যায়। পরে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

গত সোমবার দিবাগত রাতে জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। কয়েক দিন আগে হেপাটাইটিস এ-তে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের সমস্যার সঙ্গে নতুন জটিলতা যুক্ত হয়ে একপর্যায়ে তার লিভার ফেইলিউর হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *