রাশিয়া: ৪ (কিরা ২, ইয়ানা শেইনা, ইয়ানা সিস্তুনোভা) ভারত: ০

খবর অনলাইন ডেস্ক: কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়ার কাছে ৪-০ গোলে পরাজিত হল ভারতীয় মহিলা ফুটবল দল। প্রথমার্ধে দৃঢ় রক্ষণে রাশিয়াকে বেশ কিছুটা আটকে রাখতে সক্ষম হলেও বিরতির পর প্রবল বৃষ্টি, ক্লান্তি এবং রাশিয়ার আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ‘ব্লু টাইগ্রেসেস’রা।

– বিজ্ঞাপন –

ম্যাচের শুরু থেকেই ভারত রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে। রাশিয়া বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ তৈরি করলেও ভারতীয় রক্ষণ এবং গোলরক্ষক মোনালিশা দেবী বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে বিপন্মুক্ত করেন। বিশেষ করে প্রথমার্ধে তাঁর দৃঢ় উপস্থিতি ভারতকে ম্যাচে টিকিয়ে রাখে।

তবে বিরতির ঠিক আগে ভারতের প্রতিরোধ ভেঙে যায়। ম্যাচের ৪০তম মিনিটে ইয়ানা শেইনা গোল করে রাশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। সেই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। কলকাতায় প্রবল বৃষ্টির কারণে মাঠ অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। একই সঙ্গে দীর্ঘ সময় ধরে রক্ষণ সামলাতে গিয়ে ভারতীয় খেলোয়াড়দের শারীরিক ক্লান্তিও স্পষ্ট হয়ে ওঠে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে রাশিয়া দ্রুত আক্রমণের গতি বাড়িয়ে দেয়।

রশিয়ার সঙ্গে ভারতের ফুটবল ম্যাচ
ভারতের মেয়েদের লডাকু মনোভাব ছিল চোখে পড়ার মতো

৬০তম মিনিটে পরিবর্ত হিসেবে নামা কিরা গোল করে রাশিয়ার ব্যবধান ২-০ করেন। মাত্র ১০ মিনিট পর, ৭০তম মিনিটে আবার গোল করে নিজের জোড়া পূর্ণ করেন তিনি। বৃষ্টিভেজা পিচে ভারতের রক্ষণকে কার্যত অপ্রস্তুত করে দিয়েই রাশিয়া পরপর আঘাত হানে।

বিজ্ঞাপন

এর পর ৮০তম মিনিটে ইয়ানা সিস্তুনোভা রাশিয়ার হয়ে চতুর্থ গোলটি করেন। শেষ ৪৫ মিনিটে ভারতের রক্ষণকে একের পর এক পরীক্ষার মুখে পড়তে হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ ব্লক এবং পোস্টে বল লেগে না গেলে ব্যবধান আরও বড় হতে পারত।

শেষপর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রাশিয়া। প্রথমার্ধে লড়াইয়ের মানসিকতা দেখালেও দ্বিতীয়ার্ধে ভারতের তরুণ দলটি রাশিয়ার আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে তাল মেলাতে পারেনি।

তবে এই ম্যাচ থেকেই শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ভারতের সামনে। একই রাশিয়ার বিরুদ্ধে আগামী ১১ অক্টোবর আবার মাঠে নামবে ভারতীয় মহিলা দল। সেই ম্যাচে প্রথম ম্যাচের ভুলত্রুটি শুধরে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের লক্ষ্য থাকবে ‘ব্লু টাইগ্রেসেস’-এর।
ছবি: সঞ্জয় হাজরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *