খবর অনলাইন ডেস্ক: সনিয়া গান্ধীর নতুন বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের পর থেকেই ১৯৮৪ সালের শিখ হত্যাকাণ্ড নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ বার এই বইয়ের সমালোচনায় সরব হলেন পঞ্জাবের নেত্রী হরসিমরত কৌর বাদল। তাঁর অভিযোগ, ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর শিখদের উপর যে ভয়াবহ হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা নিয়ে বইয়ে কোনও ক্ষমা চাওয়ার কথা নেই। সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি লিখেছেন, “পঞ্জাব কখনও ভুলবে না, কখনও ক্ষমা করবে না।”

হরসিমরত কৌর বাদল তাঁর পোস্টে লিখেছেন, “হাজার হাজার নিরপরাধ শিখকে হত্যার চার দশক পরেও ক্ষমা চাওয়ার একটি শব্দও নেই! স্মৃতিকথায় বিষয়টির উল্লেখ করা হয়েছে শুধু প্রসঙ্গক্রমে। মনে হচ্ছে, কংগ্রেসের কাছে গণহত্যা নিছকই একটি পাদটীকা!”

– বিজ্ঞাপন –

শিখবিরোধী দাঙ্গা প্রসঙ্গে সনিয়া কী লিখেছেন?

গতকাল প্রকাশিত বইয়ে ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গাকে ভারতের ইতিহাসের একটি ‘মর্মান্তিক ও লজ্জাজনক’ অধ্যায় বলে উল্লেখ করেছেন সনিয়া গান্ধী। তিনি স্বীকার করেছেন, চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই হত্যাকাণ্ডের শিকার বহু মানুষ এখনও ন্যায়বিচার পাননি।

এ ছাড়া, হিংসা ছড়ানো বা হিংসার নির্দেশ দেওয়ার অভিযোগে অভিযুক্তদের মধ্যে কংগ্রেসের কর্মীরাও ছিলেন বলে স্বীকার করেছেন তিনি।

বইয়ে সনিয়া লিখেছেন, ইন্দিরা গান্ধীর হত্যার খবর ছড়িয়ে পড়ার পর বহু মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তাঁর কথায়, “প্রধানমন্ত্রীর হত্যায় বহু মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন এবং পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছিল। দুপুরের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় এবং শহরের বাইরেও দাঙ্গা শুরু হয়ে যায়। নিরপরাধ শিখদের উপর নৃশংস হিংসা চালানো হয়। শুধু রাজধানীতেই ২ হাজারেরও বেশি মানুষ অত্যন্ত নিষ্ঠুর ও ঠান্ডা মাথায় খুন হন।”

সনিয়া আরও লিখেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তির আবেদন জানাতে রাজীব গান্ধী জাতীয় টেলিভিশনে ভাষণ দিয়েছিলেন। পাশাপাশি, উত্তেজনাপ্রবণ এলাকাগুলিও পরিদর্শন করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

তবে বইয়ে রাজীব গান্ধী সম্পর্কে সনিয়ার বক্তব্য, “তাঁর মনে কোনও সাম্প্রদায়িক বিদ্বেষ বা ক্ষোভ ছিল না। কিন্তু দেশের ইতিহাসের এমন এক সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন কার্যকর প্রশাসন কার্যত ভেঙে পড়েছিল এবং তার পরেই বর্বর হিংসার ঘটনা ঘটে।”

১৯৮৪ সালের শিখবিরোধী হত্যাকাণ্ড নিয়ে সনিয়া গান্ধীর এই বক্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে, নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া এবং কংগ্রেসের ভূমিকা নিয়ে তাঁর অবস্থান প্রশ্নের মুখে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *