আন্তর্জাতিক হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচই জয় তুলে নিয়েছে লাল-সবুজরা। শুক্রবার উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে বাংলাদেশ। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে উজবেকিস্তান। রোববার গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ৮ দলের বাছাইপর্ব থেকে শীর্ষ ৪ দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে হতে চলা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ১১ মিনিটে শারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে দেন। এক মিনিটের ব্যবধানে গোল শোধ করে সমতা ফেরায় উজবেকিস্তান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে। দ্বিতীয় কোয়ার্টারে ২৪ মিনিটে কনা আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে আধিপত্য ছিল বাংলাদেশের। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আইরিন আক্তার, ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন। চতুর্থ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান কমায় উজবেকরা। শেষদিকে চাপ সৃষ্টি করেও আর গোল শোধ করতে পারেনি তারা। ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী দল।


