স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতি ও ভুয়ো দাবি ঠেকাতে আরও কড়া হচ্ছে কেন্দ্র। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)-র আওতায় থাকা হাসপাতালগুলির বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগের ভিত্তিতে বড় পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা লোকসভায় লিখিত জবাবে জানিয়েছেন, এখনও পর্যন্ত ২,৩৫৯টি হাসপাতালকে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১,২০০টি হাসপাতালকে সাসপেন্ড করা হয়েছে।

নিয়ম না মেনে চিকিৎসা পরিষেবা দেওয়া, ভুয়ো দাবি বা অতিরিক্ত বিলের মতো অনিয়মের অভিযোগের পরেই সংশ্লিষ্ট হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্র জানিয়েছে। অভিযুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে ২৯টি এফআইআর দায়ের হয়েছে। একই সঙ্গে জরিমানাও করা হয়েছে। কেন্দ্রের দেওয়া হিসাব অনুযায়ী, এই ধরনের হাসপাতালগুলির উপর মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

– বিজ্ঞাপন –

জাল দাবি ঠেকাতে প্রযুক্তির ব্যবহার

আয়ুষ্মান ভারত প্রকল্পে প্রতারণা রুখতে এবার প্রযুক্তিকেও হাতিয়ার করছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (NHA)। ভুয়ো বিল, একই চিকিৎসার জন্য একাধিকবার দাবি, ভুয়ো পরিচয়ে সুবিধা নেওয়া-সহ বিভিন্ন ধরনের অনিয়ম শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং ব্যবহার করা হচ্ছে।

কেন্দ্রের দাবি, হাসপাতাল থেকে কোনও দাবি জমা পড়ার পর দ্রুত তা বিশ্লেষণ করে সন্দেহজনক লেনদেন শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে ভুয়ো দাবি মিটিয়ে দেওয়ার আগেই তা আটকে দেওয়া যাচ্ছে। ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত এই প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে ৬৭৬.১৬ কোটি টাকার আর্থিক ক্ষতি আটকানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

কী সুবিধা দেয় আয়ুষ্মান ভারত?

২০১৮ সালে চালু হওয়া আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার দেওয়া হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিক ভাবে দুর্বল পরিবারগুলিকে বড় ধরনের চিকিৎসা খরচের চাপ থেকে সুরক্ষা দেওয়া।

তবে তালিকাভুক্ত হাসপাতালগুলির বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ ওঠায় হাসপাতালগুলির উপর নজরদারি আরও জোরদার করছে কেন্দ্র। ফলে আয়ুষ্মান কার্ড ব্যবহার করার আগে সংশ্লিষ্ট হাসপাতালটি বর্তমানে প্রকল্পের তালিকায় রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *