Damayanti Sen Missing: বৃহস্পতিবার থেকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট ভাইরাল। হাওড়ার রাইফেল শুটার দময়ন্তী সেন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁর মা মৌমিতা রায় সেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁর মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত দময়ন্তীর খোঁজ পাওয়া যায়নি।

Shooter Damayanti Sen Missing: দোকানে কিছু জিনিস কিনতে যাবেন বলে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি উঠতি রাইফেল শুটার দময়ন্তী সেন। বাংলার এই শুটারকে শেষ দেখা যায় হাওড়া স্টেশনে। ১৫ বছর বয়সি এই শুটারের মা মৌমিতা রায় সেন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘(বৃহস্পতিবার) সকাল ১০টায় হাওড়া স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে আমার মেয়ে দময়ন্তী সেনকে শেষবার দেখা গিয়েছে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল। বহু মানুষ এই পোস্ট শেয়ার করে সাহায্যের আবেদন জানাচ্ছেন। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত এই শুটারের খোঁজ পাওয়া যায়নি। ফলে পরিবারের উদ্বেগ বাড়ছে।

দময়ন্তীর খোঁজে তল্লাশি

দময়ন্তীর বাড়ি মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনে। এই শুটার জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। এই কারণে তিনি অনুশীলনে জোর দিচ্ছিলেন। কিন্তু এরই মধ্যে তিনি নিখোঁজ হয়ে গেলেন। এই কিশোরী বাড়ি থেকে বেরনোর সময় মোবাইল ফোন নিয়ে যাননি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দোকানে যাবে বলে মেয়ে বাড়ি থেকে বেরনোর পর অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও ফিরছে না দেখে খোঁজ শুরু হয়। অনেক জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি। এরপরেই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তল্লাশি শুরু করেছে পুলিশ।

কেন নিখোঁজ দময়ন্তী?

হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে দেখা গিয়েছে। কিন্তু তাঁর সঙ্গে অন্য কেউ ছিল কি না, তা স্পষ্ট নয়। এই কিশোরী নিজের ইচ্ছায় কোথাও চলে গিয়েছেন না তাঁকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই শুটারের বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, বাড়িতে কোনও অশান্তি হয়নি। মেয়ে স্বাভাবিক ছিল। সকালে অনুশীলন থাকে বলে বুধবার রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। কিন্তু তারপর বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *