সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি সাহার রিপোর্ট
কলকাতা: বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, দলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ করেছিলেন দুই বিধায়ক। কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে এমন দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই দুই বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রস।
পালা বদলের পর কখনও বোর্ড ভেঙে যাচ্ছে. কখনও কাউন্সিলররা পদত্যাগ করছেন। একের পর এক ঘটনা তৃণমূল অন্দরে অস্বস্তি বাড়াচ্ছিল। এদিকে, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে মাত্র ২০ জন বিধায়কের উপস্থিতি অস্বস্তি আরও বাড়ায়। এরই মধ্যে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করলেন, তৃণমূলেরই দুই বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে সই নিয়ে অভিযোগ দায়ের করেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। আর সেই দুই বিধায়কের নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা।
শুভেন্দু অধিকারীর ঠিক এই ঘোষণার পরই সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের চিঠি পাঠায় তৃণমূল কংগ্রেস। চিঠিতে বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, দলীয় নেতৃত্বের ডাকা বৈঠকে বারবার অনুপস্থিত থেকেছেন তাঁরা। একইসঙ্গে দলবিরোধী কাজও করেছেন। তাই তাঁদের বহিষ্কার করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে বিধানসভার অধ্যক্ষের ঘরের সামনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গিয়েছিল এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, দিল্লিতেও শুভেন্দুর সঙ্গে হাসিমুখে কথাবার্তাও বলতে দেখা গিয়েছিল। সেই থেকেই জল্পনা বাড়ছিল। যদিও সৌজন্য সাক্ষাত বলে দাবি করেছিলেন ঋতব্রত।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।
