দক্ষিণ ২৪ পরগনা: মাতলা নদী যেন তৃণমূল নেতাদের বাবার সম্পত্তি! একদিকে এই মাতলা নদীর চর বুজিয়ে বিরাট ক্যাফে তৈরি করার অভিযোগ উঠেছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। আর এবার সেই নদীরই চর বিক্রির অভিযোগ উঠল ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের (Pareshram Das) বিরুদ্ধে।
কী অভিযোগ?
লক্ষ-লক্ষ টাকা নিয়ে পরেশ রাম দোকান বসিয়েছেন। শুধু তাই নয়, নদীর চরে গজিয়ে উঠেছে বৃদ্ধাশ্রমও। নামমাত্র কয়েকজন বৃদ্ধা থাকেন,বাকি সবটাই নিজের ব্যাক্তিগত কাজে ব্যবহার করে বিধায়ক বলে অভিযোগ। এমনকী, বিলাসবহুল বিশ্রামগারও বানিয়েছেন এই পরেশরাম।
নদীর চরে বাড়ি কীভাবে তৈরি?
এক ব্যক্তি টিভি ৯ বাংলাকে জানালেন, “মীনা মণ্ডল আমার দিদি। এটা জামাইবাবু জানেন। বাড়ি করার জন্য কাউকে টাকা দিতে হয়নি।”
এলাকাবাসী কী বলছেন?
এক মহিলা বলেন, “এখানে বাড়ি করতে অনেক টাকা লাগে। এক কাঠার জন্য প্রায় দেড় লক্ষ টাকা নেওয়া হত।” আরও এক মহিলা বলেন, “এগুলো সব নদীর জায়গা। সেই চর বিক্রি করা হয়েছে।”
এলাকার বিজেপি নেতা কী বলছেন?
এলাকার বিজেপি নেতা বলেন, “মাতলার এক পাশে জীবনতলা পড়ে। অন্যদিকে পড়ে ক্যানিং থানা। এই শওকতের এক জেরক্স কপি আছে। বৃদ্ধাশ্রমের নাম করে ভিতরে ফাইভ স্টার পরিষেবা আছে। কামিনি কাঞ্চন থেকে শুরু করে মদিরা সব আছে। বৃদ্ধাশ্রমের আড়ালে সব অনৈতিক কাজ করে।”
