সৌরভ গুহ ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট
কলকাতা: উত্তরপাড়ার পর বেলেঘাটা। এবার নিজের বিধানসভা এলাকাতেই ‘আক্রান্ত’ বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গতকাল মমতার সভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। ডিম হামলার পাশাপাশি রড দিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। আজ আবারও বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। কুণালের অভিযোগ, তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালিয়েছে বাইক বাহিনী। হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন বিধায়ক। এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। তবে, তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয়।
ঠিক কী ঘটেছে?
হামলার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের কাছে একটি অডিয়ো বার্তা পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। বিধায়কের অভিযোগ, তাঁর গাড়ি ধাওয়া করে হামলা করা হয়। হাতুড়ি দিয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে। অডিয়ো বার্তায় বলেন, “আমার উপর আবার হামলা চালানো হয়েছে। আমি বেলেঘাটায় এক অনুষ্ঠানে ঢুকছিলাম। বাইক বাহিনী ঘিরে আমার গাড়ি চুরমার করে দিয়েছে। সশ্রস্ত্র রিভলবার নিয়ে হাতুড়ি দিয়ে কাচ ভেঙে আমাকে বের করতে যাচ্ছিল। সেখান থেকে কোনও রকমে আমার সহকর্মী চালক ও আমি নারকেলডাঙা থানায় এসে ঢুকেছি। আমি বাঁচতে ঢুকেছি নারকেলডাঙা থানায়। একেবারে বেলাঘাটা থেকে অনুসরণ করেছে বিজেপির গুন্ডা বাহিনী। তারা সশস্ত্র অবস্থায় আসে।”
বিজেপি কী বলছে?
সজল ঘোষ বলেন, “ঘটনার তীব্র নিন্দা করছি। কিন্তু, আমার বিশ্বাস ঘটনাস্থলে বিজেপি ছিল না। যে বা যাঁরা করেছে, তাঁদের রাজনৈতিক রং না দেখে পুলিশ গ্রেফতার করুক।” দোষীদের শাস্তির দাবি করেছেন বিজেপি বিধায়ক। বিধায়ক ও মন্ত্রী তাপস রায়ের কথায়, দলগত বা ব্যক্তিগতভাবে এই বিষয়টা একেবারেই সমর্থন করে না।
উত্তরপাড়ায় হামলা
শনিবার শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভা ছিল। সেখানেই যাচ্ছিলেন কুণাল ঘোষ। কিন্তু, তার আগে উত্তরপাড়াতেই বেলেঘাটার বিধায়ককে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছু লোকজন এগিয়ে গিয়ে কাচের উপর ডিম ছুড়তে শুরু করে বলে অভিযোগ। সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছে মমতা তৃণমূল। তবে বিজেপির দাবি, এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
