পাকিস্তান সরকারের অর্থসাহায্যে তৈরি হল জইশের ঘাঁটি Image Credit: TV9 Bangla
ইসলামাবাদ: জঙ্গি সংগঠনগুলির কাছে ‘স্বর্গরাজ্য’ পাকিস্তান। পাকিস্তান সরকার অর্থসাহায্যও করে জঙ্গি সংগঠনগুলিকে। ভারত সরকার তথ্য-সহ বারবার বিশ্বের কাছে পাকিস্তানের এই ছবি তুলে ধরেছে। সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। তারপরও পাকিস্তান যে এতটুকু বদলায়নি, ফের তার প্রমাণ পাওয়া গেল। পাকিস্তান সরকারের অর্থসাহায্যে অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের ভাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি ফের তৈরি করা হয়ে গেল।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে তৈরি হয়েছে এই ঘাঁটি। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। গত বছরের ৭ মে রাতে ভারতের অপারেশন সিঁদুরে ক্ষতিগ্রস্ত হয়েছিল জইশের এই ঘাঁটি। প্রায় ১৮ একর জমির উপর এই কমপ্লেক্স তৈরি বলে করা হয়েছে। ফের তৈরি করা হয়েছে ভেঙে পড়া গম্বুজ। মূল হলঘরের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। বড় গর্তগুলি সংস্কার করে বসানো হয়েছে নতুন মার্বেল।
গোটা ভবনে নতুন করে রং করা হয়েছে।
মূল কমপ্লেক্সের পাশে থাকা মাদ্রাসা এবং জইশ কমান্ডারদের আবাসনও নতুন করে তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ২৫ কোটি পাক রুপি ব্যয় করে এই নয়া ঘাঁটি তৈরি করা হয়েছে। ঘাঁটি পুনর্নির্মাণের জন্য জইশ-ই-মহম্মদকে ২৫ কোটি পাকিস্তানি রুপি দেওয়া হয়েছিল। ওই অর্থ পাকিস্তানের শেহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল বলে পাক প্রশাসনের একাংশ দাবি করেছে।
একাধিক ড্রোন ও স্যাটেলাইট ছবিতে ঘাঁটি পুনর্নির্মাণের চিত্র ধরা পড়েছে। জইশ প্রধান মাসুদ আজহার অসুস্থ বলে গোয়েন্দা সূত্রের দাবি। তাঁর ভাই তালহা আল-সাইফ ও মোহিউদ্দিন ওরফে আম্মার আলভি সংগঠনের দায়িত্ব সামলাচ্ছেন বলে জানা গিয়েছে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের কয়েকজন আত্মীয়-সহ জইশের একাধিক সদস্য নিহত হয়েছিল।
