বিশ্বকাপের সূচি প্রকাশ হতে না হতেই ভারত-পাকিস্তান মহারণ! ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবার মুখোমুখি—এবার মঞ্চ এশিয়ান গেমসের ফাইনাল। শনিবার সকালে জাপানের নিসিনে ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে হতে চলেছে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ। ভারতের তারকা-সমৃদ্ধ দলে রয়েছেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, তিলক বর্মা এবং জসপ্রীত বুমরাহর মতো ক্রিকেটাররা। ফলে তুলনামূলক অনভিজ্ঞ পাকিস্তান দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। ভারতের বিরুদ্ধে ভালো রেকর্ড থাকা সাহিবজাদা ফরহানই পাকিস্তানের অন্যতম ভরসা। অন্যদিকে, সেমিফাইনালে কম রানে আউট হওয়ার পর ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠতে চাইবেন সঞ্জু স্যামসন।
সেমিফাইনালে বিশ্রামে থাকা অর্শদীপ সিংকেও ফাইনালের একাদশে ফেরাতে পারে ভারত। অন্যদিকে, নিসিনের পিচে স্পিন ও বাউন্সের সুবিধা থাকায় চার স্পিনার নিয়েই মাঠে নামতে পারে পাকিস্তান। আর এই ফাইনালেই তৈরি হতে চলেছে নতুন ইতিহাস—পুরুষদের এশিয়ান গেমসে এই প্রথম ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ। ফলে শনিবারের ম্যাচে যোগ হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের আরও একটি নতুন অধ্যায়।
