ARG vs CPV WC 2026: একেবারে অঘটনের বিশ্বকাপের পথে এবারের টুর্নামেন্ট। রাউন্ড অফ ৩২-এর একেবারে শুরুতেই বিদায় নিয়েছে ইউরোপের দুই সুপার পাওয়ার দেশ- জার্মানি ও নেদারল্যান্ডস। ব্রাজিলও কোনওরকমে শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে প্রি কোয়ার্টারে উঠেছে।

ARG vs CPV WC 2026: একেবারে অঘটনের বিশ্বকাপের পথে এবারের টুর্নামেন্ট। রাউন্ড অফ ৩২-এর একেবারে শুরুতেই বিদায় নিয়েছে ইউরোপের দুই সুপার পাওয়ার দেশ- জার্মানি ও নেদারল্যান্ডস। ব্রাজিলও কোনওরকমে এক গোলে পিছিয়ে থেকে শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে প্রি কোয়ার্টারে উঠেছে। অঘটনের এই ভরা বাজারে বড় ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের প্রেসিডেন্টের। শনিবার গভীর রাতে (রাত সাড়ে ৩টে) আফ্রিকার দেশ কেপ ভার্দের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। স্পেন, উরুগুয়ের মত দলকে রুখে দিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে উঠে চমকে দিয়েছে কেপ ভার্দে। সেই দেশের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী তাদের কাছে হেরে নক আউট পর্বের শুরুতেই বিদায় নেবে আর্জেন্টিনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১-০ গোলে আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে: প্রেসিডেন্ট নেভেস

রাউন্ড অফ ৩২-এ বিশ্বচ্য়াম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, তাঁর দেশ ১-০ গোলে আর্জেন্টিনাকে হারাবে। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই ভবিষ্যদ্বাণী করেন তিনি। মেসিকে এবার খালি হাতেই ফিরতে হবে বলে ভবিষ্যদ্বাণী আফ্রিকার ১০ আগ্নেয়গিরি দ্বীপপুঞ্জের এই ছোট্ট দেশের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নেভেস বলেন, “আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবে।” তাঁর কথায়, দল মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়েই। ছোট দেশ হওয়ায় প্রত্যাশা কম থাকলেও, সেই চাপমুক্ত পরিবেশ এবং ফুটবলারদের প্রবল লড়াইয়ের মানসিকতাই বড় অঘটন ঘটাতে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, কেপ ভার্দের মতো ছোট দেশগুলোর লক্ষ্যই হওয়া উচিত বিশ্বকে চমকে দেওয়া।

স্পেন, উরুগুয়ের গ্রুপে অপরাজিত থেকে নক আউটে কেপ ভার্দে

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে শনিবার মিয়ামিতে মুখোমুখি হবে কেপ ভার্দে ও লিওনেল মেসির আর্জেন্টিনা। এই প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। শুধু তাই নয়, নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবেও নজির তৈরি করেছে তারা। গ্রুপ পর্বে দারুণ লড়াই উপহার দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করে তারা। সেই ম্যাচে ৪০ বছর বয়সি গোলরক্ষক ভোজিনহা ছিলেন দলের নায়ক। এরপর উরুগুয়ের বিরুদ্ধে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের বিরুদ্ধে ০-০ ফল করে গ্রুপ এইচ-এর রানার্স-আপ হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নেয় দলটি।

ফিফা ব়্য়াঙ্কিং: আর্জেন্টিনা- ১, কেপ ভার্দে ৬৪

এ বার কেপ ভার্দে সামনে বিশ্বসেরা আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে ব্যবধান ৬৩ ধাপ। আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দল, অন্যদিকে কেপ ভার্দে ফিফা ব়্যাঙ্কিংয়ে রয়েছে ৬৪ নম্বরে। তবে পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ প্রেসিডেন্ট নেভেস। মিস্টার প্রেসিডেন্টের কথায়, “আমাদের ১০০ শতাংশ বিশ্বাস, ১০০ শতাংশ আশা রয়েছে। ছেলেরা মাঠে নিজেদের উজাড় করে দেবে। আমাদের জয়ের সম্ভাবনাও ১০০ শতাংশ।” তিনি আরও বলেন, বিশ্বকাপে কেপ ভার্দে এসেছে নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। তাই আর্জেন্টিনা বা লিওনেল মেসিকে সামনে পেয়েও তাদের লক্ষ্য শুধুই জয়।

মেসি বনাম ভোজিনহা

দলের কোচ পেদ্রো লেইতাও ব্রিটো, যিনি ‘বুবিস্তা’ নামে পরিচিত, জানিয়েছেন, “আমাদের কাছে অসম্ভব বলে কিছু নেই।” তাঁর মতে, বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের মাধ্যমে গোটা বিশ্বের সামনে কেপ ভার্দেকে তুলে ধরাই দলের অন্যতম লক্ষ্য। মিডফিল্ডার ডেরয় দুয়ার্তেও আত্মবিশ্বাসী। তাঁর কথায়, “এটা যেন স্বপ্নের মতো। কিন্তু ফুটবলে সবকিছুই সম্ভব।”প্রেসিডেন্ট নেভেসের বিশ্বাস, ফল যাই হোক না কেন, তাঁর দেশের ফুটবলাররা মাথা উঁচু করেই মাঠ ছাড়বেন। কারণ বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্য প্রমাণ করে তাঁরা ইতিমধ্যেই দেশের জন্য এক ঐতিহাসিক অধ্যায় রচনা করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *