নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই বিসিবির ছাড়পত্র পেয়ে ফাইনাল খেলতে পাকিস্তান ছুটে যান নাহিদ রানা। পেশোয়ার জালমির জার্সিতে শিরোপা মঞ্চে নেমেই দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন। টাইগার তারকার পাশাপাশি অ্যারন হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে জালমি। ৯ বছর অপেক্ষার পর দ্বিতীয় শিরোপার দেখা পেল ফ্র‌্যাঞ্চাইজিটি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে হায়দরাবাদকে ব্যাটে পাঠায় পেশোয়ার। ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয় তারা। জবাবে নেমে ২৮ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পেশোয়ার।

রানতাড়ায় নেমে ৭ রানে দুই উইকেট হারায় পেশোয়ার। ৩৩ রানে তৃতীয় এবং ৪০ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। পঞ্চম উইকেটে অ্যারন হার্ডি ও আব্দুল সামাদ মিলে ৮৫ রান যোগ করেন। তাদের জুটিতে জয়ের ভিত পায় পেশোয়ার। ৩ চার ও ৪ ছক্কায় ৩৪ বলে ৪৮ রানে সামাদ আউট হলে জুটি ভাঙে।

পরে ফারহান ইউসুফকে নিয়ে জয় নিশ্চিত করেন হার্ডি। ৯ চারে ৩৯ বলে ৫৬ রান করেন এই অলরাউন্ডার। ফারহান করেন ২ বলে ৪ রান।

হায়দরাবাদের হয়ে মোহাম্মদ আলি ৩ উইকেট নেন। আকিফ জাভেদ ও হুনাইন শাহ নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে হায়দরাবাদের হয়ে ফিফটি করেছেন সাইম আইয়ুব। ৫ চার ও ২ ছক্কায় ৫০ বলে ৫৪ রান করেন তিনি। এছাড়া মার্নাস লাবুশেন ১২ বলে ২০, হাসান খান ৭ বলে ১২ এবং মাজ সাদাকাত ৬ বলে ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

৪ ওভারে ১ মেডেন আদায় করে ২২ রানে ২ উইকেট নিয়েছেন নাহিদ। ফিফটির পাশাপাশি হার্ডি ৪ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম নেন একটি করে উইকেট।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *