ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেডকে সরিয়ে আবারও টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল। লিগের ৩৪তম রাউন্ডে দলটি হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন এবেরেচি এজে। দিনের অন্য ম্যাচে জিতেছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অলরেডরা জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। এ জয়ে অ্যাস্টন ভিলাকে সরিয়ে টেবিলের চারে উঠে এসেছে আর্নে স্লটের দল।
এ জয়ে ৩৪ রাউন্ড শেষে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরের দল গানাররা। আর্সেনাল ২২ ম্যাচ জিতেছে, সাত ম্যাচ ড্র করেছে এবং পাঁচটিতে হেরেছে। ম্যানসিটির থেকে তাদের গোল ব্যবধানও মাত্র একটি।
নিউক্যাসলের বিপক্ষে নবম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। কাই হাভার্টজের অ্যাসিস্টে ফারপোস্টের টপকর্নার দিয়ে গোল করেন এবেরেচি এজে, ১-০ গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতারে শিষ্যরা। একই সাথে ইপিএলের পয়েন্ট টেবিলেও ম্যানসিটির থেকে এগিয়ে যায় আর্সেনাল।
প্রথমার্ধে নিউক্যাসল শুধু বল দখলের লড়াইয়ে আর্সেনালের থেকে পিছিয়ে ছিল। বাকি সবকিছুতে নিউক্যাসল এগিয়ে থাকলেও শুধু গোলের দেখা পায়নি। প্রথমার্ধে এজের ওই গোলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।
বিরতির পর ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা করে আর্সেনাল। তবে নিউক্যাসলের ডিফেন্ডের কাছে সেটা করতে পারেননি কাই হাভার্টজ-ডেকলান রাইসরা। পরে ওই ১-০ গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্তেতার শিষ্যরা।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের ৩৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। প্রথম গোলের শুরু করেন আলেকজান্ডার ইসাক। ৪০ মিনিটে লিভারপুলকে আরও এগিয়ে দেন এন্ড্রি রবার্টসন, ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৭১ মিনিটে ড্যানিয়েল মুনিজ ক্রিস্টাল প্যাসেলের হয়ে একমাত্র গোলটি করেন।
তবে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ছয় মিনিটে আরও এক গোল পায় লিভারপুল। গোল করেন ফ্লোরিয়ান রিজ, ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ৩৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সালাহরা।



