শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মারাত্মক এক ভুল করে বসলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। তাতে এগিয়ে যাওয়ার আনন্দ দুই মিনিটও স্থায়ী হলো না ম্যানচেস্টার সিটির। তবে চাপ ধরে রাখল দলটি। কোচের ডাকে সাড়া দিয়ে, আর্সেনালকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা একটু জোরাল করল পেপ গার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের সঙ্গে ২-১ ব্যবধানে জিতেছে ম্যানসিটি। টানা দুই হারে দুই দশকের বেশি সময়ে শিরোপা খরা কাটানোর স্বপ্নে বড় এক ধাক্কা খেল মিকেল আর্তেতার আর্সেনাল।
আর্সেনালের সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার। কিন্তু হেরে যাওয়ায় সিটির সঙ্গে সেই ব্যাবধান নেমে এসেছে ৩ পয়েন্টে। নিজেদের পরের ম্যাচে অবনমন অঞ্চলের দল বার্নলিকে দুই বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারাতে পারলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে সিটি। ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৭০। অন্যদিকে ৩২ ম্যাচ খেলে সিটির পয়েন্ট ৬৭।
১৬ মিনিটে ডেডলক ভাঙেন রায়ান চেরকি। বক্সের ভেতরে ঢুকেই নিলেন এক মাপা শট—বলটি নিখুঁত নিশানায় আছড়ে পড়ে গোলপোস্টের নিচের বাঁ- কোণে। গোলরক্ষক ডেভিড রায়া ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি বল। অবিশ্বাস্য গোলের সৌজন্যে আর্সেনালকে ১-০ গোলে পেছনে ফেলে লিড নেয় ম্যানসিটি।
তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি ম্যানসিটির। মিনিটে দুয়েক পর গানার্সদের সমতায় ফেরান কাই হার্ভাটজ। সিটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা বল নিয়ে নিজের বক্সের ভেতর একটু বেশিই সময় অপচয় করে ফেললেন। আর সেই সুযোগটি নিতে এক মুহূর্তও দেরি করেননি হার্ভাটজ।
দ্রুত এসে তিনি যখন শট নেন, তখন আর ইতালিয়ান গোলকিপারের আর কিছুই করার ছিল না। হার্ভাটজের দুর্দান্ত স্লাইডিং ব্লকে বলটি সরাসরি আছড়ে পড়ে সিটির ফাঁকা জালে। তাতে ১-১ গোলে সমতায় ফেরে আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে দুদলই গোল পেতে মরিয়া হয়ে ওঠে। আর্সেনালের ওডেগার্ড এবং ইজি নিশ্চিত কিছু সুযোগ মিস করেন। কিন্তু ৬৫ মিনিটে ইতিহাদ গর্জে ওঠে আর্লিং হালান্ডের গোলে। নিকো ও’রাইলির ক্রস রদ্রিগো স্লাইড করে হালান্ডের দিকে বাড়িয়ে দিলে বক্সের ভেতর থেকে জয়সূচক গোলটি করেন নরওয়েজিয়ান গোলমেশিন। এরপর দুদলের খেলোয়াড়রা চেষ্টা করলেও গোলের দেখা পায়নি কেউই।


