আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৬ উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। প্রতিবছর ১৭ এপ্রিল এই দিবসটি উদযাপিত হয়, যার লক্ষ্য হিমোফিলিয়া ও অন্যান্য রক্তক্ষরণজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।
এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “রোগ নির্ণয়: সুচিকিৎসার প্রথম ধাপ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রাজধানীতে এক বর্ণাঢ্য সচেতনতা র্যালির আয়োজন করা হয়। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি প্রাঙ্গণে আয়োজিত এই র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে ডি ব্লকের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে রোগ নির্ণয়ের গুরুত্ব, বিনামূল্যে রক্তের ফ্যাক্টর সরবরাহ এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়।বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে আজ দেশব্যাপী বিভিন্ন হাসপাতাল, সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।

