Ration Scam Case: বাংলাদেশে পাচার হত রেশনের গম! রাজ্যজুড়ে ১৫ জায়গায় তল্লাশি অভিযান ইডির

কলকাতা :ভোটের মুখে ফের সক্রিয় ইডি। রেশন দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আজ সকাল থেকে মোট ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। বর্তমানে তিনি জামিনে মুক্ত। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দায়ের হওয়া একটি দুর্নীতি মামলার তদন্তে নেমেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ওই মামলায় বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন একাধিক প্রভাবশালীও।

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি চলছে। কলকাতার পোদ্দার কোর্ট ও
মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পোদ্দার কোর্টে একটি সংস্থার অফিস রয়েছে। মূলত ফুড প্রোডাক্টের সংস্থা। একই ঠিকানায় প্রায় চার থেকে পাঁচটি অফিস রয়েছে। সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

নতুন রেশন দুর্নীতি মামলা

ইডি সূত্রে খবর, বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। নজরে ১২ জনের বেশি রফতানিকারক। মূলত তাঁদের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০২০ সালে উত্তর ২৪ পরগনার ভোজাডাঙা সীমান্ত থেকে গম পাচারের চেষ্টা করা হচ্ছিল। প্রায় ১৭৫টির বেশি ট্রাক করে গম পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। ওই ট্রাকগুলিতে প্রায় ৫১০০টন গম ছিল বলে খবর। যার অঙ্ক ছিল ১৬ কোটি টাকা। শুল্ক দফতর সেই পাচার আটকায়। অভিযোগ, সরকার থেকে আটা মিল গুলিকে রেশনের আটা তৈরির জন্য যে গম পাঠানো হত, সেই গমের বস্তা চুরি করে পাচার হত বাংলাদেশে। তারই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। অভিযোগ, এর আগেও বাংলাদেশে গম পাচার করা হয়েছে। সেই দুর্নীতির টাকা কোথায় গেল, তারই তল্লাশিতে আজ ১৫ জায়গায় অভিযান ইডির।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছে, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। প্রচারসভায় গিয়ে মমতার অভিযোগ,”বাংলার ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে। বিজেপির চোর-ডাকাতদের ধরে না এজেন্সি। বাংলাকে টার্গেট করা হচ্ছে। হিম্মত থাকলে গণতান্ত্রিক লড়াই হোক।”

বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, “বাংলার মানুষ তৈরি আছে, তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হঠানোর জন্য। আমাদের কোনও এজেন্সিকে প্রয়োজন নেই। মানুষ এমনি এখন তৃণমূল মুক্ত বাংলা চাইছে। শুধু শুধু আমরা অন্য চিন্তা করতে যাব কেন। আমরা মানুষের রায়কে বিশ্বাস করি। তৃণমূল বুঝে গিয়েছে, জনগণের তাঁদের উপর আর আস্থা নেই।”

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় তদন্তে নেমে এর আগে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি। তবে, বর্তমানে তিনি জামিনে মুক্ত। আবার তাঁকেই এবারও টিকিট দিয়েছে তৃণমূল। হাবড়া থেকে প্রার্থী করা হয়েছে। সম্প্রতি, প্রচারসভায় গিয়েছে মমতার বক্তব্যে উঠে আসে বালু প্রসঙ্গ। তিনি দাবি করেন, বালুকে ফাঁসানো হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *