পয়লা সপ্তাহ থেকেই বক্স অফিসে বিজয়রথ ছুটিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। পঁচিশ সালের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর প্রথমভাগের পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে, সিক্যুয়েলও দৌড়বে। ১৯ মার্চ, মুক্তির মাত্র ২ সপ্তাহের ব্যবধানে সেই ভবিষ্যদ্বাণীই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। বিশ্বজুড়ে ১৬২২ কোটির ব্যবসা করে ‘ধুরন্ধর’ সিক্যুয়েল এখন ‘বক্স অফিসের বাপ’! আর এহেন মারকাটারি সাফল্যের মাঝেই ‘ধুরন্ধর ২’ দেখতে প্রেক্ষাগৃহে পাড়ি দেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তবে সিনেপর্দায় রণবীর সিংয়ের ব্লকবাস্টার কীর্তি দেখে বেরনোর ঘণ্টাখানেক পরও ‘ধুরন্ধর’ রেশ কাটেনি তারকাদম্পতির। আর সেই প্রেক্ষিতেই পরিচালক আদিত্য ধরের মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন বিরুষ্কা।
বছর দুয়েক ধরেই লন্ডনের বাসিন্দা বিরাট-অনুষ্কা। লাইমলাইটের অন্তরালে নিভৃতেই সংসারযাপন করছেন তারকাদম্পতি। দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকেও দূরে অনুষ্কা। সিনেদুনিয়ার কোনও পার্টি-প্রিমিয়ারে উপস্থিতি তো দূরঅস্ত, কোনও ছবি নিয়েও অভিনেত্রীকে সেভাবে আগ্রহ প্রকাশ করতে দেখা যায় না খুল্লমখুল্লা। তবে এবার শুধু নিজেই ‘ধুরন্ধর’ দেখলেন না, বরং স্বামী বিরাট কোহলিকেও ‘প্রাক্তনে’র ব্লকবাস্টার কীর্তি দেখালেন। আর সেই ছবি দেখেই সোমবার গভীর রাতে কলম ধরলেন তারকাদম্পতি। ‘ধুরন্ধর ২’-এর ‘হামজা’ রণবীর সিং এবং বাকি কলাকুশলীদের ভূয়সী প্রশংসা করে এক দীর্ঘ বার্তায় মুগ্ধতা প্রকাশ করেন অভিনেত্রী। অনুষ্কার মন্তব্য, “আদিত্য ধর আপনি কী দুর্দান্ত একটি ছবি বানিয়েছেন! প্রায় ৪ ঘণ্টার এহেন সিনেমা তৈরির জন্য অসীম প্রত্যয় ও নিষ্ঠার প্রয়োজন হয়। ‘ধুরন্ধর’ এককথায় রোমাঞ্চকর এবং যা শেষপর্যন্ত দর্শকের মনোযোগ ধরে রাখে। এতটাই নিখুঁতভাবে তৈরি।”
প্রাক্তন রণবীর সিংয়ের উদ্দেশেও বার্তা দিতে ভোলেননি কোহলিপত্নী। একসময়ে বিটাউনে কান পাতলে শোনা যেত, ‘ব্যান্ড বাজা বরাত’ সিনেমার শুটিংয়ে রণবীর সিংয়ের সঙ্গে নাকি অনুষ্কার বন্ধুত্ব এতটাই গাঢ় হয়েছিল যে তা পরবর্তীতে মন দেওয়া-নেওয়ায় গড়ায়। ‘ধুরন্ধর ২’ দেখে সেই রণবীরকেই প্রশংসায় ভরালেন নায়িকা। অনুষ্কার মন্তব্য, রণবীর তুমি বরাবর আত্মবিশ্বাসী এবং মৌলিক শিল্পী। বলিষ্ঠ ও ত্রুটিহীন অভিনয়ে আজীবনের জন্য হামজার চরিত্রে ছক্কা হাঁকালে। মাধবন, অর্জুন রামপাল থেকে রাকেশ বেদি, প্রত্যেকে চমৎকার অভিনেতা। আপনাদের সকলের অভিনয় মুগ্ধ করল। ‘ধুরন্ধর’ আপনাদের ছাড়া তৈরি হত না। এই ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন।”
কিং কোহলির মন্তব্য, “‘ধুরন্ধর’ দেখে আমি জোর দিয়ে বলতে পারি যে, ভারতে এর আগে এমন সিনেমা আমি দেখিনি। এক অনন্য সিনেম্যাটিক অভিজ্ঞতা। সিনেমাটা দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। প্রায় ৪ ঘণ্টা আমি এক মুহূর্তের জন্যেও চোখ সরাতে পারিনি। নড়িওনি চড়িওনি। আদিত্য ধর আপনি যে সিনেমা বানিয়েছেন তার প্রতিটি পরতে আপনার প্রতিভা এবং দৃঢ়প্রত্যয়ের ছাপ সুস্পষ্ট। আপনাকে কুর্নিশ। আপনি তো জিনিয়াস। যদিও ‘ধুরন্ধর’-এর সব অভিনেতাই তাঁদের নিজ নিজ চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন, তবুও বলব রণবীর সিং এই ছবির সুবাদে তুমি নিজেকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেলে। তোমার অভিনয় অসাধারণেরও ঊর্ধ্বে। একদম ‘ওয়াও’!”
সর্বশেষ খবর
