ছবির উৎস, Getty Images
বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান যে জামাত অনুষ্ঠিত হয়, তাতে সাধারণ মুসল্লিদের পাশাপাশি রাষ্ট্র ও সরকারের শীর্ষ ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন।
এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ঈদের নামাজ পড়ার কথা রয়েছে।
শনিবার সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে।
“আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে,” জানিয়েছে সংস্থাটি।
এছাড়া, বায়তুল মোকাররমে পাঁচটি ঈদ জামাত হওয়ার কথা রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের বরাত দিয়ে বাসস জানিয়েছে, পাঁচটি ঈদ জামাত পর্যায়ক্রমে সকাল সাতটা, আটটা, নয়টা, দশটা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
