কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ পূর্বাভাসে মার্চ মাসে রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার ইঙ্গিত মিলেছে। ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়লেও মাসের শেষে তা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ মার্চে অস্বাভাবিক গরমের বিশেষ আশঙ্কা নেই।
মার্চ–মে: কলকাতায় ৪-৫ দিন তাপপ্রবাহের সম্ভাবনা
তবে গ্রীষ্মের সামগ্রিক চিত্রে সতর্কতার সুর। মার্চ থেকে মে—এই সময়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় ৪ থেকে ৫ দিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পরিস্থিতি তুলনামূলক বেশি তীব্র—সেখানে ১০ থেকে ১৫ দিন তাপপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গে স্বস্তি
পূর্বাভাসে উল্লেখ, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা নেই। ফলে উপকূল ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক স্বস্তি বজায় থাকতে পারে।
দোলের দিন কেমন আবহাওয়া
দোলের দিন দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উষ্ণতায় ঘামে ভিজতে পারেন বেশ কিছু জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে দোলের পরেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দোলের আগে বৃষ্টি ও কুয়াশা থাকবে। হালকা তুষারপাতও হতে পার্বত্য এলাকায়।
দক্ষিণবঙ্গে আগামী ২ দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না।
এই প্রতিবেদনটিও পড়তে পারেন: শীত–গরমের দোলাচলে বাড়ছে রক্তচাপের ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের
