বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ভারত–বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সেই আবহেই ফের চালু হতে চলেছে আগরতলা–ঢাকা ও কলকাতা–ঢাকা বাস পরিষেবা।

দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জেরে গত ১৮ মাস ধরে বন্ধ ছিল এই পরিষেবা। সব ঠিক থাকলে আগামী শনিবার থেকে সপ্তাহে তিন দিন বাস চলবে। গত শনিবার পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন হয়েছে। আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকা পর্যন্ত গিয়েছে।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন। ৮ অগস্ট নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সময় ছাত্রনেতাদের উসকানিমূলক মন্তব্যে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। রেল ও বাস পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর সম্পর্কে উষ্ণতা ফিরেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,৮০০ রুপি। তুলনায় রেলপথে গুয়াহাটি হয়ে দূরত্ব প্রায় ১,৫৬৭ কিলোমিটার।

এই পরিষেবা চালু হলে দুই দেশের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *