খবর অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার পল্লেকেলেতে টানা বৃষ্টির কারণে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ডের ম্যাচ টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হল। ফলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয় এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কার সঙ্গে সুপার এইটে জায়গা নিশ্চিত করে জিম্বাবোয়ে। অন্য দিকে এই ফলাফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া।

মঙ্গলবার বিকেল জুড়ে পল্লেকেলে স্টেডিয়ামের মাঠ ঢেকে রাখা হয় কভার দিয়ে। মাঝেমধ্যে হালকা বৃষ্টি থামলেও পরে আবার শুরু হওয়ায় খেলা শুরুর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। গ্রাউন্ডস্টাফদের মাঝে মাঝে সক্রিয়তা দেখা গেলেও অধিকাংশ সময়ই কভার সরানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই ফলের ফলে টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সের হতাশাজনক ধারাবাহিকতা আরও স্পষ্ট হল। গত ছটি আসরের মধ্যে পাঁচবারই তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। অথচ আইসিসি-র একদিনের ক্রিকেটের বিশ্বকাপে তাদের রেকর্ড একেবারেই ভিন্ন— সর্বশেষ ছয় আসরের মধ্যে পাঁচবারই তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

– বিজ্ঞাপন –

৭টি দল জায়গা করে নিল সুপার এইটে

জিম্বাবোয়ের যোগ্যতা নিশ্চিত হওয়ায় সুপার এইটের সাতটি দল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেল। ভারতের গ্রুপে অর্থাৎ গ্রুপ ‘এক্স’-এ আগে থেকেই তিনটি দল ঠিক হয়ে গিয়েছিল। ভারত ছাড়া সেখানে ছিল ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দল হিসাবে সেই গ্রুপে ঢুকল জিম্বাবোয়ে।

সুপার এইটে আর একটি গ্রুপ হল ‘ওয়াই’। সেখানে তিনটি দল ঠিক হয়ে গিয়েছে। এরা হল ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। এই গ্রুপে শেষ জায়গাটির জন্য লড়াই চলছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসের মধ্যে।  

তিন দলের মধ্যে কে যাবে? কী সমীকরণ?

পাকিস্তান (পয়েন্ট ৪, নেট রানরেট -০.৪০৩)   

বুধবার নামিবিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে জয় পেলেই সুপার এইটে জায়গা নিশ্চিত করবে পাকিস্তান। কিন্তু হেরে গেলে পরিস্থিতি পুরো বদলে যাবে। সে ক্ষেত্রে পয়েন্ট সমান হলেও আমেরিকার তুলনায় নেট রানরেট কম থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে সলমন আলি আঘাদের।

যুক্তরাষ্ট্র (পয়েন্ট ৪, নেট রানরেট +০.৭৮৭)

আমেরিকার আর কোনও ম্যাচ বাকি নেই। ফলে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর। পাকিস্তান যদি নামিবিয়াকে হারায়, তা হলে আমেরিকার অভিযান সেখানেই শেষ। তবে পাকিস্তান হেরে গেলে আমেরিকার সুযোগ তৈরি হবে। সেই পরিস্থিতিতে নেদারল্যান্ডসকে ভারতের কাছে হারতে হবে, অথবা ভারত হারলেও ব্যবধান কম রাখতে হবে। পয়েন্ট সমান হলে উন্নত নেট রানরেটের জোরে নকআউট পর্বে উঠবে যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডস (পয়েন্ট ২, নেট রানরেট -১.৩৫২)

পাকিস্তান জিতে গেলে নেদারল্যান্ডসের কোনো সম্ভাবনা থাকবে না। তবে পাকিস্তান হারলে আশা বেঁচে থাকবে তাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ভারতকে বড়ো ব্যবধানে হারাতে হবে। তবেই নেট রানরেটের হিসেবে এগিয়ে গিয়ে সুপার এইটে জায়গা করে নিতে পারবে নেদারল্যান্ডস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *