নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ঐতিহ্যের শহরের বুকে এক অনন্য সফর। তিলোত্তমার বুকেই উন্মোচিত হল ২০তম আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী। গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে ইতিহাসপ্রেমী ও গবেষকদের জন্য সাজিয়ে রাখা হয়েছে প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত বিশ্বের নানা দুর্লভ সংগ্রহ। বড়িশার সাবর্ণ সংগ্রহশালায় (বড়বাড়ি) আয়োজিত এই মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রদর্শনীর বিশেষ আকর্ষণ: এ বছরের প্রদর্শনীর মূল আকর্ষণ শতাব্দীপ্রাচীন বই ও দুষ্প্রাপ্য ছাপার সামগ্রী, যা সংগ্রহ করেছেন সৌভিক রায়। বিশেষত ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’ বিভাগে এবার থাকছে বাংলার অভিনয় জগতের দুই দিকপাল— মহানায়ক উত্তম কুমার ও অনুপ কুমারকে নিয়ে বিশেষ প্রদর্শনী। দর্শকদের নজর কাড়ছে শিল্পী পার্থ মুখার্জির কফি দিয়ে আঁকা মহানায়কের প্রতিকৃতিগুলি।

রয়েছে হরেক বিভাগ: শুধু সিনেমা নয়, প্রদর্শনীতে জায়গা পেয়েছে ‘কমিক ওয়ার্ল্ড’—যেখানে কমিকসের বিবর্তন তুলে ধরা হয়েছে। শিল্পকলার ভক্তদের জন্য রয়েছে ‘মিনিয়েচার ওয়ার্ল্ড’। অন্যদিকে, বস্ত্রপ্রেমীদের জন্য ‘টেক্সটাইল লেবেলস’ বিভাগে রাখা হয়েছে ব্রিটিশ রাজ থেকে স্বদেশি আন্দোলনের সময়কার আমদানি করা কাপড়ের লেবেলের এক দুর্লভ সংগ্রহ। সংগীত অনুরাগী বা গ্রামোফোন রেকর্ড প্রেমীদের জন্যও রয়েছে আলাদা কর্নার।
– বিজ্ঞাপন –


উদ্বোধন ও বর্ণময় সন্ধ্যা: এদিন প্রদর্শনীর উদ্বোধন করেন নিউ আলিপুর কলেজের প্রিন্সিপাল ডঃ জয়দীপ ষড়ঙ্গী, জাদুকর পি.সি সরকার (জুনিয়র), অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং জাপানের ডেপুটি কনসুলার জেনারেল আশিদা কাতসুনোরি। সন্ধ্যার বিনোদনে ছিল ‘নস্টালজিয়া কুইজ’, যেখানে কুইজমাস্টার দেবকুমার মিত্র ও সঞ্জয় রায় চৌধুরীর বাউন্সারে বাজিমাত করেন প্রতিযোগীরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়।
আয়োজকদের মতে, এটি কেবল প্রদর্শনী নয়, নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে জীবন্ত করে তোলার এক প্রয়াস। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকছে।
